প্লেস্টেশনের ইতিহাসে রেকর্ড গড়ল জিটিএ সিক্স
উদ্বোধনী সপ্তাহান্তেই গেইমটির পেছনে ৬৮ কোটি ৩০ লাখ ঘণ্টা ব্যয় করেছেন গেইমাররা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
প্লেস্টেশনের তিন দশকের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্য অর্জন করেছে রকস্টার গেইমসের নতুন গেইম ‘জিটিএ সিক্স’। সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর শেষ হওয়া উদ্বোধনী সপ্তাহান্তেই গেইমাররা সম্মিলিতভাবে ৬৮ কোটি ৩০ লাখ ঘণ্টা গেইমটি খেলেছেন। এছাড়া এই সময়ে গেইমটি কনসোলটিতে নতুন সংযোগের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে।
বিজ্ঞাপন
প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গত তিন দশকে মুক্তি পাওয়া পাঁচটি কনসোল প্রজন্মের ইতিহাসে মাল্টিপ্লেয়ার, ফ্রি-টু-প্লে ও সিঙ্গেল-প্লেয়ার গেইমগুলোর মধ্যে এটি নতুন রেকর্ড। সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের টিম টুরি জানান, প্রথম চার দিনে প্রত্যেক গেইমার গড়ে ১৭ ঘণ্টা ২৪ মিনিট সময় ব্যয় করেছেন। সব মিলিয়ে ৩ কোটি ৯০ লাখের বেশি স্বতন্ত্র গেইমার কনসোলটিতে গেইমটি চালু করেছেন।
সনির ভাষ্যমতে, জিটিএ সিক্স পিএস৫ বিক্রিতেও গতি সঞ্চার করেছে। কোম্পানিটির দাবি, বছর শেষের ছুটির মৌসুম ছাড়া কনসোলটি বাজারে আসার পর থেকে এক দিনে সর্বোচ্চ সংখ্যক নতুন পিএস৫ সংযোগের রেকর্ড দেখা গেছে। উদ্বোধনী সপ্তাহান্তে নতুন কেনা ও সংযুক্ত হওয়া পিএস৫ কনসোলগুলোর ৭০ শতাংশেই প্রথম গেইম হিসেবে এটি খেলা হয়েছে। যদিও পিএস৫ প্রোতে কতজন গেইমটি খেলেছেন, সে বিষয়ে সনি কোনো তথ্য জানায়নি।
রকস্টার গেইমস ১৯ নভেম্বর পিএস৫ ও এক্সবক্স সিরিজ এক্স|এস প্ল্যাটফর্মের জন্য গেইমটি মুক্তি দেয়। রকস্টারের মূল কোম্পানি টেইক-টু ইন্টারেক্টিভ জানায়, মুক্তির প্রথম দিনেই গেইমটির খুচরা বিক্রি ৩৭৯ কোটি ডলারে পৌঁছেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় বিনোদন উদ্বোধন। তবে এত সাফল্যের পরও গেইমিং শিল্পের স্টুডিওগুলোতে চলা ছাঁটাইয়ের ঢেউ নিয়ে ডেভেলপারদের মধ্যে উদ্বেগ রয়েছে।