ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত ঘোষণার অফিস আদেশ বাতিল
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিতর্কিত অফিস আদেশটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
কুমিল্লা জেলা প্রতিনিধি · কুমিল্লা
প্রকাশ:
ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উল্লেখ করে জারি করা একটি অফিস আদেশ বাতিল করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) একটি স্মারকের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ৯ নভেম্বর অধিদপ্তর থেকে ওই অফিস আদেশটি জারি করা হয়েছিল, যেখানে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শন দল গঠন ও প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
ওই অফিস আদেশ প্রত্যাহারের দাবিতে ১৬ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ কর্মকর্তার বরাবর একটি আইনি নোটিশ পাঠান। ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে পাঠানো এই নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে আদেশটি বাতিলের দাবি জানানো হয়েছিল। নির্দিষ্ট সময়ে সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট আবেদন করা হয়। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, ‘রিটটি শুনানি ও আদেশের জন্য আগামী সোমবার দিন ধার্য আছে। এ অবস্থায় আজ সন্ধ্যায় চিঠি পেলাম, যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৯ নভেম্বরের ওই অফিস আদেশ বাতিল করেছে।’
আইনি নোটিশ অনুযায়ী, কুমিল্লার আদর্শ সদর থানার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমির প্রকৃত মালিক ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর অবিবাহিত ছেলে দিলীপ দত্তকে হত্যা করলে সম্পত্তিটির মালিকানা তাঁর অপর ছেলে সঞ্জীব দত্তের ওপর বর্তায়। ১৯৯২ সালে সঞ্জীব দত্তের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী আরমা দত্ত ও রাহুল দত্ত সম্পত্তির মালিকানা লাভ করেন এবং পরবর্তী সময়ে বিএস জরিপে তাঁদের নামে জমিটি রেকর্ড করা হয়। চলতি বছরের ১৩ মে রাহুল দত্তের মৃত্যুর পর আরমা দত্ত একমাত্র জীবিত উত্তরাধিকারী হিসেবে সম্পত্তিটি নিজের নামে নামজারি করেন এবং নিয়মিত কর পরিশোধ করে ভোগদখল করে আসছেন।
নোটিশের ভাষ্যমতে, আরমা দত্ত বা তাঁর পূর্বসূরিরা কখনোই সম্পত্তিটি পরিত্যাগ করেননি এবং সরকারও এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করেনি। গত ১৪ জুন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে আরমা দত্তের ব্যক্তিগত সম্পত্তিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণার প্রস্তাব দেন। বিষয়টি জানার পর ২৮ সেপ্টেম্বর আরমা দত্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রীকে চিঠি দিয়ে ব্যক্তিগত সম্পত্তিটি হেরিটেজ সাইটের তালিকায় না নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তিনি কোনো জবাব পাননি। পরবর্তীতে ১১ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি জানতে পারেন যে, ৯ নভেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাঁর ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শনের জন্য একটি দল গঠন করেছে এবং বাড়িটিকে পরিত্যক্ত হিসেবে গণ্য করেছে।
আইনি নোটিশে আরও বলা হয়, ১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের ৬ ধারা অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে মালিককে যুক্তিসংগত নোটিশ দেওয়া আবশ্যক, যা এক্ষেত্রে করা হয়নি। আরমা দত্তকে তাঁর বক্তব্য উপস্থাপনের সুযোগ না দেওয়াকে ন্যায়বিচারের পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৪২ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ ও হস্তান্তরের অধিকার নিশ্চিত করেছে এবং ওই প্রশাসনিক আদেশের মাধ্যমে সেই মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।