মহাকাশে পাকিস্তানি নভোচারী পাঠাবে চীন
প্রথম বিদেশি হিসেবে চীনের মহাকাশযানে চড়ে কক্ষপথে পাড়ি জমালেন পাকিস্তানের জিশান আলী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর উদ্দেশে আজ বুধবার সকালে রওনা দিয়েছে দেশটির মহাকাশযান ‘শেনঝৌ-২৪’। মহাকাশযানটিকে বহন করছে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট। এই মহাকাশযানে থাকা তিনজন নভোচারীর মধ্যে দুজন চীনা নাগরিক তাং হংবো ও উ ই এবং অপরজন পাকিস্তানের নভোচারী জিশান আলী। জিশান আলীর মাধ্যমে চীন প্রথমবারের মতো কোনো বিদেশিকে মহাকাশে পাঠাচ্ছে।
বিজ্ঞাপন
চীনের মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এই অভিযানের জন্য জিশান বেইজিংয়ে সাত মাস বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। নিজের মহাকাশ যাত্রা নিয়ে জিশান আলী বলেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’
বিবিসির চীন সংবাদদাতা লরা বিকারের মতে, বিজ্ঞান ও কূটনীতির খাতিরেই চীন প্রথমবারের মতো একজন বিদেশিকে মহাকাশে পাঠাচ্ছে। বেইজিং আশা করছে, এই মহাকাশযাত্রা ইসলামাবাদের সঙ্গে তাদের সম্পর্ক আরও জোরদার করবে। এছাড়া চীন বিশ্বকে দেখাতে চায় যে, তাদের মহাকাশ স্টেশন আন্তর্জাতিক গবেষণার একটি মঞ্চ হয়ে ওঠার সক্ষমতা রাখে।
মহাকাশ গবেষণায় চীন ও পাকিস্তানের সহযোগিতার ৭৫ বছর পূর্তির এই সময়ে অভিযানটি পরিচালিত হচ্ছে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে দুটি মহাকাশ স্টেশন রয়েছে, যার একটি নাসার নেতৃত্বাধীন ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস) এবং অন্যটি চীনের তৈরি ‘তিয়ানগং’। বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে নাসার স্টেশনটি অবসরে যাওয়ার কথা থাকায় মহাকাশ বিজ্ঞানে চীনের একক প্রভাব বাড়ছে।
পাকিস্তান নিজস্ব কোনো মহাকাশযান না থাকায় গবেষণার জন্য চীনের ওপর নির্ভর করছে। মহাকাশে যাত্রা শুরুর আগে সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন, ‘আমি যখন মহাকাশে পৃথিবীর কক্ষপথে অবস্থান করব, সেই সময়টাতে যেসব শিশু আমার দিকে তাকিয়ে থাকবে, তাদের প্রত্যেককে বলছি—আকাশের দিকে তাকাও, আর মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে রয়েছি।’