খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লেপন
১৬ দিন আগে নতুন করে আঁকা প্রতিকৃতিটি আবারও বিকৃত করা হয়েছে
খুলনা জেলা প্রতিনিধি · খুলনা
প্রকাশ:
খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে আবারও কালি লেপে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে স্থানীয় লোকজনের বিষয়টি নজরে আসে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ–অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা আছে। সেখানে এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ছবি রয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সম্ভবত গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আগেরবার কালি লাগানোর ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।
এর আগে ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লাগানো এবং পাশে দুটি পোস্টার দেখতে পান স্থানীয় লোকজন। ওই পোস্টার দুটিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনাম ছিল। ঘটনার পর ৭ নভেম্বর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিকৃতিটি নতুন করে আঁকার উদ্যোগ নেন। শিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি নতুন করে এঁকে দিয়েছিলেন।
নজরুল ইসলাম মঞ্জু সেদিন বলেছিলেন, একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেয়ালচিত্রগুলো অক্ষত রাখতে পুলিশি টহল জোরদার করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়। এ ছাড়া গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গেলে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করেছিল পুলিশ।