ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
পারিবারিক কলহের জেরে বালিয়াখোড়া গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূর মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি · ঘিওর, মানিকগঞ্জ
প্রকাশ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনায় ঊর্মি আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা সজীব মিয়ার (৩০) স্ত্রী ছিলেন।
বিজ্ঞাপন
ঘিওর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে সজীব মিয়া তাঁর স্ত্রী ঊর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। ঊর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সজীব নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঊর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সজীব মিয়া বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখম করা হয় এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।