ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্ট মার্টিনে আটকা দেড় হাজার পর্যটক
সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
কক্সবাজার জেলা প্রতিনিধি · টেকনাফ, কক্সবাজার
প্রকাশ:
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে দ্বীপটিতে বেড়াতে যাওয়া ১ হাজার ৪৯৮ জন পর্যটক আটকা পড়েছেন। মঙ্গলবার ও বুধবার এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ—এই চারটি জাহাজে করে পর্যটকেরা দ্বীপে পৌঁছান।
বিজ্ঞাপন
কক্সবাজার জেলা প্রশাসন জানায়, সাগর উত্তাল থাকায় এবং বিআইডব্লিউটিএ-এর নির্দেশনা অনুযায়ী পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল স্থগিত করা হয়েছে। কক্সবাজার সমুদ্র উপকূলে বর্তমানে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল, পর্যটকদের নিরাপত্তা এবং বিআইডব্লিউটিএ-এর নির্দেশনা অনুযায়ী সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। স্বাভাবিক হলে পর্যটকদের ফিরিয়ে আনা হবে।”
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপের আবহাওয়া মেঘলা এবং সাগর উত্তাল রয়েছে। আটকা পড়া পর্যটকেরা দ্বীপের দুই শতাধিক হোটেল, রিসোর্ট ও কটেজে অবস্থান করছেন। তিনি আরও বলেন, “সবাই স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।”
বাংলাদেশ সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, “প্রকৃতির ওপর নির্ভর করে এই সাগরপথে জাহাজ চলাচল করতে হয়। সবার আগে পর্যটকের জীবনের নিরাপত্তা। ঘূর্ণিঝড়ের এমন প্রভাব আগামী শনিবার পর্যন্ত থাকতে পারে। এরপর জাহাজ চলাচল শুরু হবে।” জাহাজমালিকেরা জানিয়েছেন, চলাচল বন্ধ থাকায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।