সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক
রাজধানীতে ১১-দলীয় ঐক্যের বৈঠক শেষে সরকারের প্রতি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন, সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এর আগে শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠকের বিষয়ে জানতে চাইলে মামুনুল হক বলেন, সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর হতে হবে।
মামুনুল হক আরও বলেন, জনগণের মতামতের বাইরে ১১ দল কোনো পদক্ষেপ নেবে না এবং রাজপথে থাকার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা সাত দফা থেকে সরে আসেননি এবং পরাজিত ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পতিত স্বৈরাচারের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশে অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে। সরকারের দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিন্তু দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, সরকার গড়িমসি না করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।