জুলাই গণ–অভ্যুত্থানে হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকার আদালতে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে ৮১ বছর বয়সী নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। তিনি আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন এবং প্রয়োজনে ভবিষ্যতে রিমান্ডের আবেদন করা হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ২১ বছর বয়সী সাদিকুল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা ছিলেন এবং উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আদালতে দাখিল করা পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) অনুযায়ী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটে একাধিক থানায় ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার মামলাও অন্তর্ভুক্ত রয়েছে।