এইচএসসিতে রাজশাহী বোর্ডে তৃতীয় তাসকিয়া তাসনিম সুমাইয়া
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন তিনি
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি · রায়গঞ্জ, সিরাজগঞ্জ
প্রকাশ:
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন তাসকিয়া তাসনিম সুমাইয়া। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে তিনি সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। তাঁর এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন পরিবারের সদস্য, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও রায়গঞ্জ বন্ধুসভার সদস্যরা।
বিজ্ঞাপন
সুমাইয়ার বড় ভাই ফয়সাল হোসেন জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত মেধাতালিকায় ১ হাজার ৯২ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন সুমাইয়া। তিনি জানান, চতুর্থ বিষয় ছাড়া ১১০০ নম্বরের মধ্যে সুমাইয়ার প্রাপ্ত নম্বর ১০৯২, যেখানে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীর নম্বর ১০৯৩। এর আগে ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে দেখা যায়, চতুর্থ বিষয়সহ তাঁর প্রাপ্ত নম্বর ১১৭২।
নিজের সাফল্যের বিষয়ে সুমাইয়া বলেন, ‘আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এইচএসসি পরীক্ষার ফলাফল। রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছি। রাজশাহী শিক্ষা বোর্ডে মেধাতালিকায় তৃতীয় স্থান পেয়েছি। মহান আল্লাহ-তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সাফল্যের পেছনে জড়িয়ে আছে আমার বাবা-মা ও ভাই এবং শিক্ষকদের অবদান।’
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে সুমাইয়া বলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত আমি খুবই অন্তর্মুখী ছিলাম, কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সাহস পাইনি। কলেজে ভর্তির পর শিক্ষকদের অনুপ্রেরণায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকি। রচনা লিখে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি। সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে আগামী দিনে যেন একজন সুনাগরিক হিসেবে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া কামনা করি।’
শিক্ষাজীবনে সুমাইয়া বরাবরই ভালো ফলাফল করেছেন। তিনি ধানগড়া উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি রায়গঞ্জ পৌরসভার বাগানবাড়ি এলাকার মোনায়েম হোসেন ও ছালমা বেগম দম্পতির একমাত্র মেয়ে।
বিজ্ঞাপন
ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক তাপস কুমার পাল বলেন, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তাসকিয়া তাসনিম সুমাইয়ার ফল খুবই ভালো হয়েছে। চেষ্টা থাকলে উপজেলা পর্যায়ের একজন শিক্ষার্থী যে এমন সফলতা অর্জন করতে পারে, সেটি সুমাইয়া প্রমাণ করেছে। বিষয়টি আমাদের জন্য গৌরবের।’ একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা বলেন, চেষ্টা থাকলে উপজেলা পর্যায়ের একটি কলেজ থেকে যে এমন সাফল্য অর্জন করা যায়, সেটা তাসকিয়া তাসনিম সুমাইয়া প্রমাণ করেছে। তিনি সুমাইয়ার আগামী দিনের সাফল্য কামনা করেন।