বিশ্ববাজারে ‘সিলেট টি’ ব্র্যান্ডের চা রপ্তানির লক্ষ্য এক কোটি কেজি
পর্তুগালের রাজপরিবারের উপস্থিতিতে নতুন এই আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধন করা হয়েছে
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বিশ্ববাজারে ভারতীয় দার্জিলিং, আসাম কিংবা শ্রীলঙ্কার সিলন চায়ের ব্যাপক পরিচিতি থাকলেও বাংলাদেশের চা সেভাবে এখনো জায়গা করে নিতে পারেনি। এই চিত্র পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ বিশ্ববাজারে বাংলাদেশের চা জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বছরে এক কোটি কেজির বেশি চা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
এই পরিকল্পনার অংশ হিসেবে ‘সিলেট চা’ নামে একটি নতুন আন্তর্জাতিক ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছে। গত বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। এই উদ্যোগে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাগানজা রাজপরিবারের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা, তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া দে সোসা আরাউজো মার্টিনস এবং লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান শেখ আলীউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক আবদুল মোহাম্মদ শালিম মুকিত, যুক্তরাজ্যের আইনজীবী ফারহান খান ফারানি, সাংবাদিক মোহাম্মদ তাহির চৌধুরী এবং বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান ও মেট্রো চেম্বারের সাবেক সভাপতি কামরান টি রহমান উপস্থিত ছিলেন।
লনডন টি এক্সচেঞ্জ জানিয়েছে, নতুন ব্র্যান্ডের চায়ের জন্য ইতিমধ্যে যুক্তরাজ্য, জাপান, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ থেকে ক্রয়াদেশ পাওয়া গেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ পরিচালনাকারী প্রতিষ্ঠান প্লাজা প্রিমিয়ামের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় বিশ্বের প্রায় ৭০টি দেশের ৭০০টি বিমানবন্দর লাউঞ্জে বাংলাদেশের ‘সিলেট চা’ পরিবেশন করার পরিকল্পনা রয়েছে।
লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান শেখ আলীউর রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বছরে এক কোটি কেজির বেশি চা রপ্তানি করা। আমরা দেখেছি, বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরও অতিরিক্ত প্রায় ১ কোটি ৪০ লাখ কেজি চা অবশিষ্ট থাকে। এই উদ্বৃত্ত চায়ের পুরোটাই বিশ্ববাজারে রপ্তানির সুযোগ তৈরি করতে চাই আমরা।’
বাংলাদেশের চা আন্তর্জাতিক বাজারে পরিচিত করার লক্ষ্যে শেখ আলীউর রহমান প্রায় পাঁচ বছর ধরে কাজ করছেন। ২০২১ সালে তিনি এই উদ্যোগের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শুরু করেন। বর্তমানে বাংলাদেশে লন্ডন টি এক্সচেঞ্জের নিজস্ব কার্যালয় ও মৌলভীবাজারে কারখানা এক বছর আগে চালু হয়েছে। এছাড়া রাজধানীর সোনারগাঁও হোটেলে তাদের একটি এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে লন্ডন টি এক্সচেঞ্জের নিজস্ব কোনো চা-বাগান নেই, তবে তারা দেশের ১৪টি চা-বাগানের সঙ্গে কাজ করছে। বাগান থেকে চা সংগ্রহের পাশাপাশি উৎপাদনের মানোন্নয়নে শ্রমিক, ব্যবস্থাপক ও কারখানার কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শেখ আলীউর রহমান জানান, ‘বিশ্বের বড় শহরগুলোর পাঁচ তারকা হোটেলে দার্জিলিং, আসাম কিংবা সিলন চা পাওয়া যায়। কিন্তু সেখানে সিলেট বা চট্টগ্রামের চা কেন পাওয়া যায় না? এই প্রশ্ন আমাকে দীর্ঘদিন ভাবিয়েছে। পরে বুঝেছি, বাংলাদেশের চা-উৎপাদকদের মনোযোগ মূলত স্থানীয় বাজারে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরির অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি রয়েছে।’
বাংলাদেশের চা-শিল্পের অন্যতম বড় সমস্যা উৎপাদিত চায়ের তুলনামূলক কম দাম। শেখ আলীউর রহমানের মতে, বাগানগুলো ভালো দাম না পাওয়ায় শ্রমিকদের মজুরি বাড়ানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়। বাংলাদেশে সাধারণত প্রতি কেজি চা ২২০ থেকে ২৫০ টাকার মধ্যে কেনাবেচা হলেও লন্ডন টি এক্সচেঞ্জ উন্নত মানের চায়ের জন্য প্রতি কেজি ৩৫০ টাকা থেকে দাম দেওয়া শুরু করেছে।
বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে লন্ডন টি এক্সচেঞ্জ উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। এর মধ্যে কার্যালয়, শোরুম ও কারখানা স্থাপন এবং কর্মীদের প্রশিক্ষণে অর্থ ব্যয় করা হচ্ছে। বিনিয়োগের পরিমাণ কয়েক মিলিয়ন মার্কিন ডলারে নেওয়ার পরিকল্পনা থাকলেও এখনই নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করতে চাইছেন না শেখ আলীউর রহমান। তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে বাংলাদেশে আধুনিক চা পরীক্ষাগার স্থাপন। বর্তমানে সংগৃহীত চায়ের নমুনা পরীক্ষার জন্য ভারত বা শ্রীলঙ্কায় পাঠাতে হয় এবং মানদণ্ড পূরণ না হলে সেই চা কেনা হয় না।
এছাড়া সিলেট ও চট্টগ্রামের তিনটি সম্ভাব্য স্থানে আদর্শ চা-বাগান বা মডেল টি এস্টেট গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। তবে পুরোনো উৎপাদনপদ্ধতি পরিবর্তনে বাগানমালিকদের অনীহাসহ বিভিন্ন কারণে উদ্যোগটি সেভাবে এগোতে পারেনি। শেখ আলীউর রহমান মনে করেন, বাংলাদেশের চা-শিল্পে নিজস্ব আন্তর্জাতিক ব্র্যান্ডের অভাব রয়েছে। নতুন উদ্যোক্তা ও ব্র্যান্ড তৈরি হলে এ দেশের চা রপ্তানির বাজারও সম্প্রসারিত হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশের চা-শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করতে তিনটি ক্ষেত্রে সংস্কারের পরামর্শ দিয়েছেন শেখ আলীউর রহমান। এগুলো হলো সহজ শর্তে অর্থায়ন, উন্নত প্যাকেজিং এবং শ্রমিক ও ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি। তার মতে, চা-কে কৃষিপণ্য হিসেবে বিবেচনা করে কৃষিভিত্তিক অন্যান্য প্রতিষ্ঠানের মতো ঋণসুবিধা দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, বিশ্ববাজারে ফল, ফুল, মসলা ও ভেষজ উপাদানমিশ্রিত মূল্য সংযোজিত চায়ের চাহিদা বাড়ছে। নতুন ‘সিলেট চা’ ব্র্যান্ডের অধীনে আগামী বছর আর্ল গ্রেসহ বিভিন্ন ধরনের মিশ্রিত চা বাজারে আনার পরিকল্পনা রয়েছে।