ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: বিরোধীদলীয় নেতা
জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যকার ঐক্যে ফাটল ধরার কারণে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন যত দ্রুত হবে, ততই ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হবে।
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানান, দুটি নির্বাচনের মাধ্যমে সবাই সংসদে এলেও একটি নির্বাচনের ফলাফল বাস্তবায়িত হলেও অন্যটি হয়নি। তিনি বলেন, 'গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। এখন ফ্যাসিবাদীদের আস্ফালনের এটিও একটি কারণ বলে আমরা মনে করি।' জাতীয় নির্বাচনের আগের ঐক্যের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, 'আমাদের পরীক্ষার জায়গায় দুর্বলতা তৈরি হওয়ার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে।' তবে তিনি বিশ্বাস করেন, বর্তমান ঐক্যের সামনে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসতে পারবে না।
সরকারকে দৃঢ় অবস্থানের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, 'আমরা আধিপত্যের কালো ছায়া এখন আবার অনুভব করছি। আমি সরকারকে অনুরোধ করব—বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে আপনারা দাঁড়ালে পুরা জাতি আপনাদের সাথে দাঁড়াবে।' তিনি আরও বলেন, এই ঐক্যের জায়গা ঠিক করা গেলে নাশকতা ও অগ্নিসংযোগ মোকাবিলা করে জাতি তার প্রত্যাশার বন্দরে পৌঁছাতে সক্ষম হবে। বর্তমান প্রজন্ম আধিপত্যবাদ ফিরে আসুক—তা মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমান সংসদকে মজলুমের পক্ষের এবং ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী হিসেবে বর্ণনা করে তিনি আওয়ামী লীগ আমলের গুম-খুন ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন। পলাতক ফ্যাসিস্টদের নাশকতা নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারের নীতি ও কৌশল কী, তা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়নি। তিনি আরও বলেন, জাতি আতঙ্কগ্রস্ত না হলেও কী হতে যাচ্ছে, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান থাকা জরুরি।
চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে শফিকুর রহমান বলেন, শ্রমিকরা কর্মস্থল ধ্বংস করতে চায় না, বরং শিল্প বাঁচলে শিল্পীও বাঁচবে। তিনি প্রশ্ন রাখেন, সিরামিক কারখানা ও বিদ্যুৎ অফিসে কেন হামলা হচ্ছে, যার পেছনে তৃতীয় কোনো অপশক্তি কাজ করছে বলে তিনি মনে করেন। শ্রমিকদের বেতন ১২ হাজার টাকা উল্লেখ করে তিনি বলেন, এই টাকায় ঘর ভাড়ার খরচই চলে যায়, তাই তিনি শ্রমিকদের জন্য স্বল্প ও মধ্যমেয়াদি ব্যবস্থার পরামর্শ দেন।
বিজ্ঞাপন
সংসদে দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, সংসদ সদস্যরা এসব কথা তুলে ধরলেও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি এবং জনগণ চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ। 'দালাল ইন্ডাস্ট্রি'র সমালোচনা করে তিনি বলেন, 'আমরা ইন্ডাস্ট্রিতে উন্নতি না করতে পারলেও দালাল ইন্ডাস্ট্রিতে আমরা বহু এগিয়েছি। যারা আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করতে চায়, ওদের বলি যে তোমরা আগে দালাল ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস করো।' এছাড়া গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং তিস্তা সমস্যা নিয়ে সরকারের উদ্যোগ ও প্রধানমন্ত্রীর চীন সফরের পরবর্তী অবস্থা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সবশেষে তিনি বলেন, 'আমরা আন্তরিক বন্ধু চাই। আমরা আমাদের উন্নয়ন-সহযোগী চাই। আন্তরিকভাবেই চাই। কিন্তু তাদের মর্যাদা এবং আমাদের মর্যাদা সমানতালে চলবে।'