মিরপুরে যুবলীগ সাধারণ সম্পাদকের বাসায় হামলা ও ভাঙচুর
বুধবার দিনে ও রাতে পৃথক দুটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা-কর্মীদের একটি দল এই হামলা চালায়। তারা বাসার নিচতলায় থাকা নিখিলের কার্যালয়ের কাচ ভাঙচুর করে এবং ভেতরে থাকা আসবাব ও ক্রেস্টের ওপর আগুন ধরিয়ে দেয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিখিল আত্মগোপনে রয়েছেন এবং এর আগ পর্যন্ত তিনি এই বাসায় থাকতেন।
বিজ্ঞাপন
হামলার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই ভাঙচুর। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ভাঙচুরের বিষয়টি স্বীকার করে বলেন, ‘যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়া হচ্ছে। এই ভাঙচুরের মাধ্যমে তাঁকে সাবধান করা হলো।’ তিনি আরও বলেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। তাঁরা যদি সাবধান না হন, দেশের কোথাও শান্তিতে থাকতে পারবেন না।
একইদিন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল নিয়ে এসে নিচতলার গ্যারেজে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এতে একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায় এবং নিরাপত্তাকর্মীদের কক্ষ ভাঙচুর করা হয়। স্থানীয়দের ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়িটির নিরাপত্তাকর্মী মো. বিজয় জানান, হামলাকারীরা ভেতরে ঢুকে ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন। তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং মেজবাউল আলম সাচ্চুর ব্যবহৃত কার্যালয় কক্ষটি ভাঙচুর করা হয়। হামলার বিষয়ে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তিনি ঘটনা সম্পর্কে শুনেছেন। তবে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি এবং ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে পুলিশ তা প্রদান করবে।