আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাস দমনে এনসিপির আহ্বান
গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখায় সিরিজ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ফ্যাসিবাদী শক্তি হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি দাবি করেছে, এই রাজনৈতিক সংগঠনটি ধারাবাহিকভাবে পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষ হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে।
বিজ্ঞাপন
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত এনসিপি জানায়, ‘ভারতে আশ্রয়প্রাপ্ত এবং ভারতীয় মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।’ আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে এনসিপি আরও উল্লেখ করে, সন্ত্রাসীদের হাত থেকে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রক্ষা পায়নি। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭টি শাখায় সিরিজ হামলা চালিয়ে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে দরিদ্র পরিবারগুলো ভুক্তভোগী হওয়ার পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিয়ে বৈশ্বিক মহলে নেতিবাচক বার্তা যাচ্ছে।
দলটির ভাষ্যমতে, জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুজন সংসদ সদস্যের বাড়ি অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করার শামিল বলে মনে করে এনসিপি। অবিলম্বে নাশকতাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিদেশের মাটিতে বসে যারা সন্ত্রাস পরিচালনা করছে তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে দলটি।