বিশেষ সৌরবিদ্যুৎ বিল পাস, ই-জিপি ছাড়াই ক্রয় প্রক্রিয়ার সুযোগ
নতুন আইনে সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি বাধ্যতামূলক নয়
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের গতি বাড়াতে জাতীয় সংসদে একটি নতুন বিল পাস হয়েছে। বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তি হওয়ার পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিজ্ঞাপন
আইন অনুযায়ী, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) ব্যবহার করা বাধ্যতামূলক নয়। এর আগে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল, যা রহিত করে নতুন এই আইন করা হলো।
নতুন বিধানে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে স্থাপন করা যাবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ক্যাপেক্স মডেলে এই ব্যবস্থা স্থাপন করতে পারবে। এক্ষেত্রে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে।
ক্রয় সংক্রান্ত বিশেষ বিধান অনুযায়ী, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে নীতিগত নির্দেশনা দিতে একটি জাতীয় পলিসি কাউন্সিল এবং জেলা পর্যায়ে 'জেলা কারিগরি ও সমন্বয় কমিটি' গঠনের কথা বলা হয়েছে।
আইন অমান্যকারী বা বিদ্যুৎ ও যন্ত্রাংশ চুরির দায়ে শাস্তির বিধানও রাখা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।