ঢাকায় ধোনির ব্যাটিংয়ে মুগ্ধ টেন্ডুলকার
প্রায় ২২ বছর আগের বাংলাদেশ সফর থেকে ধোনির বিশেষ ব্যাটিং ক্ষমতার কথা স্মরণ করলেন শচীন টেন্ডুলকার
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ব্যাটে বল লাগার পর একটা ঝটকা এবং মুহূর্তেই বল সীমানার বাইরে। মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের কথা ভাবলে এমন দৃশ্যই চোখে ভাসার কথা। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় ধোনির ব্যাটিং দেখে শচীন টেন্ডুলকারেরও ঠিক এমনটিই মনে হয়েছিল। এতটাই যে পাশে থাকা ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে তিনি বলেছিলেন, ‘দাদা, ছেলেটার হাতে একটা বিশেষ ঝটকা আছে। ব্যাট চালানোর সময় যেভাবে বল মারে, দেখার মতো।’
বিজ্ঞাপন
প্রায় ২২ বছর আগের সেই বাংলাদেশ সফরই ছিল ভারতের হয়ে ধোনির প্রথম আন্তর্জাতিক সফর। তবে শুরুটা খুব একটা সুখকর ছিল না। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর তার অভিষেক হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রফিকের বলে রান নিতে গিয়ে উইকেটকিপার খালেদ মাসুদের মাধ্যমে রানআউট হন ধোনি। ফাইন লেগ থেকে তাপস বৈশ্যের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন খালেদ মাসুদ, ফলে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২৬ ডিসেম্বর ঢাকায়। এই ম্যাচে ১১ বলে ১২ রান করেন ধোনি, যার মধ্যে ছিল দুটি চার। তাপস বৈশ্য ও আফতাব আহমেদের বলে কাভার দিয়ে মারা সেই দুটি শট ছিল প্রথাগত কাভার ড্রাইভ নয়, বরং ব্যাটের সেই বিশেষ ‘ঝটকা’। আর এই দুটি চারই টেন্ডুলকারের নজর কেড়েছিল। ২০২০ সালে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে ঢাকার সেই স্মৃতির কথা ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’ লিখেছিলেন টেন্ডুলকার।
ছয় বছর পর ধোনির আরেক অবসর। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস জানিয়েছে, ধোনি আর আইপিএলে খেলোয়াড় হিসেবে ফিরবেন না। ২০২৭ মৌসুম থেকে তিনি দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন। আইপিএলই ছিল তার খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ অধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অনেক আগেই অবসর নিয়েছেন।
ধোনির খেলোয়াড়ি জীবনের ইতি নিয়ে বিশ্বজুড়ে চলছে বন্দনা ও স্মৃতি রোমন্থন। তাতে শামিল হয়ে টেন্ডুলকার ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়কের বর্ণাঢ্য ক্যারিয়ার স্মরণ করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টেন্ডুলকার লিখেছেন, ‘আমার এখনো মনে পড়ে, বাংলাদেশে ধোনির ব্যাটিং দেখে সৌরভকে বলেছিলাম—তার পাওয়ার হিটিংয়ে বিশেষ কিছু আছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, তার মধ্যে বিরল প্রতিভা আছে। এরপর তার ক্রিকেট–যাত্রা কত দুর্দান্তই–না হয়েছে!’
বিজ্ঞাপন
বাংলাদেশ সফরে টেন্ডুলকার ধোনিকে তিনটি ম্যাচেই দেখেছেন এবং সতীর্থ হিসেবে অনুশীলনেও পর্যবেক্ষণ করেছেন। তবে ম্যাচে ধোনির ব্যাটিংই তার নজর কাড়ে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৭ ডিসেম্বর ভারতের ইনিংসের শেষ ওভারে যুবরাজ সিং আউট হলে ক্রিজে আসেন ধোনি। যুবরাজ খালেদ মাহমুদের বলে লং অনে আফতাব আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরার পর ধোনি নেমে প্রথম বলেই সেই একই জায়গায় শট খেলেন। বল আফতাবের মাথার ওপর দিয়ে সীমানার বাইরে চলে যায়, যা ছিল ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ছক্কা।
তিন ম্যাচের এই সিরিজে ধোনির মোট রান ছিল ১৯। পরিসংখ্যানের বিচারে পরবর্তী সিরিজে জায়গা ধরে রাখার মতো পারফরম্যান্স না হলেও টেন্ডুলকারের চোখে ধরা পড়েছিল অন্য কিছু। যে ব্যাটিংয়ের ঝটকা দেখে তিনি সৌরভকে বলেছিলেন, ‘এই ছেলেটার মধ্যে বিশেষ কিছু আছে’, পরবর্তী সময়ে সেটিই হয়ে উঠেছিল ধোনির সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি।
এরপরের ধোনির সাফল্যের গল্প সবার জানা। ২০০৭ সালে তার নেতৃত্বে ভারত জেতে টি-টুয়েন্টি বিশ্বকাপ। টেন্ডুলকারের দীর্ঘদিনের স্বপ্ন—২০১১ বিশ্বকাপ জয়ও আসে ধোনির অধিনায়কত্বে। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতে তিনটি বড় আইসিসি শিরোপা জেতা প্রথম অধিনায়ক হন তিনি। ওয়ানডেতে ১০ হাজারের বেশি রান, ম্যাচ শেষ করার অসংখ্য স্মরণীয় মুহূর্ত আর আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচটি শিরোপা জেতানো ধোনির অর্জনের তালিকা বেশ দীর্ঘ।
টেন্ডুলকারও সেই যাত্রার অংশ ছিলেন। তাই বিদায়বেলায় ধোনিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি সব সময় বিশ্বাস করতাম, তুমি বিশেষ কিছু করবে। শেষ পর্যন্ত তুমি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করেছ।’ প্রায় ২২ বছর পরও টেন্ডুলকারের স্মৃতিতে ধোনির সেই শুরুটা অমলিন—ঢাকার মাঠে দুটি চার, আর ব্যাটে এক বিশেষ ‘ঝটকা’।