নাটোরে তিন গাড়িতে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ
দত্তপাড়া বাজারে ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে
নাটোর জেলা প্রতিনিধি · নাটোর
প্রকাশ:
নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও সদর থানা পুলিশ জানায়, ঢাকা-নাটোর মহাসড়ক দিয়ে তিনটি গাড়িতে করে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি দত্তপাড়া বাজারে আসে। তারা বাজারে নেমে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রথমে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পরে এলোপাতাড়ি ফাঁকা গুলি চালিয়ে হয়বতপুরের দিকে চলে যায়।
বিজ্ঞাপন
বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম জানান, বাজারের দোকানপাট বন্ধ হওয়ার পরপরই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ এই দলটি সেখানে উপস্থিত হয়। প্রায় তিন থেকে চার মিনিট তারা সেখানে অবস্থান করে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশ সেখান থেকে ২০টি গুলির খোসা উদ্ধার করে।
জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন ঘটনার পর নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করেন। পথসভায় তিনি অভিযোগ করেন, ‘জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন দত্তপাড়া বাজারে এসে গুলি ছুড়েছে। তারা কাপুরুষ। শক্তি থাকলে তারা ঘোষণা দিয়ে নাটোর শহরে আসত! বিএনপির নেতা–কর্মীরা তাদের উচিত শিক্ষা দিত।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করার কার্যক্রম চলছে।