গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগেই সমঝোতার তাগিদ
আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তির মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এখন পর্যন্ত নতুন কোনো চুক্তি হওয়া বা পুরোনো চুক্তির নবায়নের বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। এমনকি অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থা নিয়েও দুই দেশ রাজি হয়েছে কি না, তা এখনো অস্পষ্ট। এই মুহূর্তটি উদ্বেগের হলেও ভাটির মানুষ এখনো আশায় বুক বেঁধে আছে।
বিজ্ঞাপন
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯৭৭ সালে প্রথম গঙ্গা চুক্তি হয়েছিল। ফারাক্কা ইস্যুকে কেন্দ্র করে সেই সময়ের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কথা বয়োজ্যেষ্ঠদের নিশ্চয়ই মনে আছে। গত শতাব্দীর শেষ দশকেও চুক্তিহীন কিছু বছর অতিবাহিত হয়েছে। সে সময় পানির রাজনীতি প্রবল ছিল এবং বাংলাদেশ অংশে গঙ্গার শাখানদীগুলো শুকিয়ে মরতে শুরু করেছিল। এবারের চুক্তিহীন অবস্থা এসব ক্ষীণকায় নদীর জন্য শেষ পেরেক হয়ে দেখা দিতে পারে।
এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত নতুন চুক্তির জন্য হাতে যথেষ্ট সময় নেই। বিকল্প পথ হিসেবে পুরোনো চুক্তির মূল শর্তগুলো নিয়ে একটি সাময়িক সমঝোতা স্মারক বা দু-তিন বছরের জন্য চুক্তি নবায়নের সুযোগ রয়েছে, যা চুক্তির ১২ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। দুই সরকার বর্তমানে এ বিষয়ে কোনো আলোচনায় আছে কি না বা কোনো পদক্ষেপ নেবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
গ্যারান্টি ক্লজসহ নতুন গঙ্গা চুক্তি করা বাংলাদেশের জন্য জরুরি। গঙ্গা চুক্তির আলোচনায় দুই দেশের সম্পর্কের প্রভাব অনস্বীকার্য। যদি আপৎকালীন সমঝোতা স্মারকের সম্ভাবনা হাতছাড়া হয়, তবে তা বাংলাদেশের প্রাণ-প্রকৃতির জন্য হবে আত্মঘাতী। যেকোনো খারাপ ধরনের চুক্তিও চুক্তিহীন অবস্থার চেয়ে ভালো, বিশেষ করে ভাটির অঞ্চলের জন্য।
বাংলাদেশ সরকার নতুন চুক্তি চায় এবং এতে ১৯৯৬ সালের চুক্তির চেয়ে বাড়তি কিছু থাকা প্রয়োজন। আবার একই সঙ্গে ১৯৭৭ সালের চুক্তির চেয়েও বাড়তি কিছু থাকা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে উভয় চুক্তির তুলনামূলক আলোচনা জরুরি। প্রথম চুক্তিটি ছিল ৫ বছরের জন্য এবং দ্বিতীয়টি ছিল ৩০ বছরের জন্য। দ্বিতীয় চুক্তিটি একটি অগ্রগতি হলেও ভবিষ্যতে স্থায়ী চুক্তি হওয়া ভালো, যেখানে নিয়মিত পর্যালোচনার সুযোগ থাকবে। আগের উভয় চুক্তি ছিল শুকনো মৌসুমের ৫ মাসের (জানুয়ারি-মে) সমাধান। ভবিষ্যতের চুক্তি সারা বছরের জন্য হওয়া ভালো, যাতে বন্যার সময় করণীয় বিষয়গুলোও যুক্ত থাকে।
বিজ্ঞাপন
১৯৭৭ সালে গঙ্গা নিয়ে ছিল ‘অ্যাগ্রিমেন্ট’ এবং পরেরটি ছিল ‘ট্রিটি’। প্রথমটির স্বাক্ষরকারী ছিলেন মন্ত্রীরা, আর পরেরটির ক্ষেত্রে ছিলেন প্রধানমন্ত্রীরা। সময়ের সাথে পানি নিয়ে দুই দেশের অঙ্গীকারের গভীরতা বেড়েছে। তবে কোনো চুক্তিতেই ‘সালিসকারী’ খোঁজার সুযোগ ছিল না। ভবিষ্যতে পানির হিস্যা নিয়ে বিবাদ হলে তৃতীয় কাউকে সালিসকারী হিসেবে ডাকার সুযোগ রাখা উচিত। সম্ভাব্য চুক্তিতে নেপালকে যুক্ত করা গেলে ভাটির মানুষের ভরসার পরিসর বাড়বে। ১৯৭৭ ও ১৯৯৬ উভয় সময়ে চুক্তি করা হয়েছিল ‘ফারাক্কা পয়েন্টে’ পানির প্রাপ্যতাকে বিবেচনায় নিয়ে, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর।
ইতিহাসে এই প্রথম কলকাতা, পাটনা ও নয়াদিল্লিতে একই সঙ্গে বিজেপির রাজত্ব চলছে, যা নতুন পানিচুক্তির জন্য একটি ভালো সময় হতে পারে। কারণ দিল্লি-ঢাকা সমঝোতাই এখন যথেষ্ট। তবে বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে তলানিতে থাকায় তা নতুন চুক্তির জন্য প্রতিকূল। ভবিষ্যতে গঙ্গার প্রবাহ স্বাভাবিক রাখা এবং বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়কে অগ্রাধিকার দেওয়া জরুরি। ঢাকার দিক থেকে দাবি উঠলে ভারত হয়তো মনঃক্ষুণ্ন হতে পারে, কারণ উজানে তারা গত ৪০ বছরে অনেক অবকাঠামো তৈরি করেছে। এ অবস্থায় জাতিসংঘের ১৯৯৭ সালের পানিপ্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা বাংলাদেশের জন্য একটি বিকল্প হতে পারে।
ঢাকা নতুন চুক্তিতে ন্যূনতম পানি পাওয়ার নিশ্চয়তা হিসেবে ‘গ্যারান্টি ক্লজ’ চায়। ১৯৭৭ সালের চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে এবং ১৯৯৬ সালের চুক্তির ১০ ও ১১ অনুচ্ছেদে এই বিষয়টি ছিল। গত ৩০ থেকে ৪০ বছরে ফারাক্কা পয়েন্টে পানির প্রাপ্যতা অনেক কমে গেছে। গ্যারান্টি ক্লজের ধারণা থাকলেও তা নদীবক্ষে কীভাবে বাস্তবায়ন করা হবে, সে পথ দেখাতে পারেন কেবল ‘অরাজনৈতিক’ বিশেষজ্ঞরা। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, বিগত চুক্তির হিস্যা থেকে তাদের আরও ৫ হাজার কিউসেক পানি বেশি প্রয়োজন।
বাংলাদেশে এই মুহূর্তে পানিবণ্টনের ভবিষ্যৎ নিয়ে নানা পূর্বানুমান চলছে। সবচেয়ে হতাশার অনুমান হলো, ভারতের দিক থেকে নতুন চুক্তির বিষয়ে খুব সামান্যই সাড়া পাওয়া যাবে। আবার আশাবাদী অনুমান হলো, ডিসেম্বর মাসে কোনো সমঝোতা স্মারক ছাড়া শেষ হলে তা ভারতের জন্যও ক্ষতিকর হতে পারে। এতে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বাড়বে, যা নয়াদিল্লি হয়তো চাইবে না। এছাড়া ফারাক্কার কারণে বিহার ও পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং পানি আটকানো ভবিষ্যতে ওই দুই রাজ্যের জন্য বাড়তি ক্ষতির কারণ হবে। বিহার ও পশ্চিমবঙ্গে নতুন চুক্তি বা নবায়ন নিয়ে আপত্তি বিজেপির রাজনৈতিক হিসাব-নিকাশের অংশ হতে পারে।