উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, রাত দুইটা ২০ মিনিটের দিকে মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর আরও বলেন, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। বর্তমানে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে আটক দেখানো হয়েছে, তা তদন্ত ও যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে আটকের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নুরুল ইসলাম নাহিদ ও তার পরিবারের সদস্যদের অভিযোগ করতে দেখা যায় যে, পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগে ডিবি পরিচয় দিয়ে কিছু লোক বাসায় ঢুকে টাকা ও গহনা নিয়ে গেছেন।
এ বিষয়ে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো কিছু জানেন না বলে ভিডিওতে শোনা যায়। নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।