খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ
রোববার দিবাগত রাতে মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা
খুলনা জেলা প্রতিনিধি · খুলনা
প্রকাশ:
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডে অবস্থিত নগর ভবনের বাইরের সড়ক থেকে এই বোমা নিক্ষেপ করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্যমতে, একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে আসেন। তারা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমাটি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বোমাটি সিঁড়িতে পড়ার পর বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণ আগুন জ্বলে, যা পরে নিজে থেকেই নিভে যায়।
ঘটনার পর নগর ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা যায়, সামনের সড়ক থেকে একটি বস্তু ভবনের দিকে ছুড়ে মারা হচ্ছে এবং সিঁড়িতে তা বিস্ফোরিত হওয়ার পর আগুন জ্বলে ওঠে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। তিনি আরও বলেন, এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, কেবল সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।