খুলনায় ব্যবসায়ী ও ভ্যানচালককে গুলি
মঙ্গলবার রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়
খুলনা জেলা প্রতিনিধি · খুলনা
প্রকাশ:
খুলনা নগরের আড়ংঘাটায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুইজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ (৫৫) এবং ভ্যানচালক মো. খালেক (৬৫)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভ্যানচালক খালেকের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সোলায়মানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মানের পা, হাত ও ঘাড়ে তিনটি গুলি লাগে এবং ভ্যানচালক খালেকের বাঁ হাতে একটি গুলি লাগে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সোলায়মান ঘের ব্যবসার পাশাপাশি আগ্রহীদের নিয়ে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজন করতেন বলে জানা গেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় জানান, সোলায়মানকে লক্ষ্য করেই গুলি করা হয়েছে। তিনি বলেন, ভ্যান ও মোটরসাইকেল চলমান থাকায় গুলি ভ্যানচালকের শরীরেও লাগে। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।