সিলেটে গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ চারজন
বুধবার ভোর ৫টার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়
নিজস্ব প্রতিবেদক · সিলেট
প্রকাশ:
কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, পুলিশের অপর একটি ইউনিটের দেওয়া খবরের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া বাকি দুজন হলেন বদির সহযোগী আবদুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাঁদের কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় দায়ের করা মামলার ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে পৌঁছায়। রাত পৌনে একটার দিকে শুরু হওয়া অভিযানে হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর পাঁচটার দিকে তাঁদের গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানায় নেওয়া হয়।
পুলিশের একটি সূত্র জানায়, সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁরা সিলেটে এসেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।