বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্টা
প্রতিটি ইনজেকশনের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা এবং এটি ৯০ দিন কার্যকর থাকে।
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই গর্ভনিরোধক বাজারে আনার ঘোষণা দেয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের উদ্ভাবিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই গর্ভনিরোধকটি ইনসেপ্টা প্রথম জেনেরিক হিসেবে বাংলাদেশে নিয়ে এসেছে।
বিজ্ঞাপন
প্রজনন স্বাস্থ্যবিশেষজ্ঞ ও ঢাকা ফার্টিলিটি সেন্টারের ক্লিনিক্যাল ডিরেক্টর অধ্যাপক মারুফ সিদ্দিকী জানান, ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মতো এই ইনজেকশন ত্বকের নিচে দিতে হয়। অনুষ্ঠানে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)–এর সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম বলেন, এই ইনজেকশনের স্বপ্রয়োগযোগ্য ব্যবহারবিধি নারীদের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।
প্রায় দুই দশক আগে ফাইজারের উদ্ভাবিত সায়ানাপ্রেস নামের ওষুধটির আদলে এটি তৈরি করা হয়েছে। ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, ২০১১ সাল থেকে প্রচেষ্টার পর ২০২৬ সালে তারা এটি সফলভাবে তৈরি করতে সক্ষম হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, এই ওষুধের মূল উপাদান বা এপিআইও তারা নিজেরাই উৎপাদন করছেন।
ওজিএসবির মহাসচিব এফ এম এনামুলক হক বলেন, নারীরা বাসায় বসেই এটি ব্যবহার করতে পারবেন এবং এটি সহজে কেনা যাবে। তবে এর অপব্যবহার রোধে একটি গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম, ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক রাশিদা বেগম, ওজিএসবির প্রেসিডেন্ট ইলেক্ট অধ্যাপক শেহরীন এফ সিদ্দিকা ও ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুশাররাত সুলতানা উপস্থিত ছিলেন।
ইনসেপ্টার কর্মকর্তারা জানান, মেডোজেন সাবকিউ এখন থেকে বাজারে পাওয়া যাবে এবং প্রতিটি ইনজেকশনের দাম ৫৫০ টাকা। এছাড়া আফ্রিকার দেশ জাম্বিয়াতে এই ইনজেকশন রপ্তানির সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।