ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা
উপনির্বাচনকে ঘিরে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলাজুড়ে সরগরম দলীয় রাজনীতি
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি · করিমগঞ্জ, কিশোরগঞ্জ
প্রকাশ:
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৭ নভেম্বর পদত্যাগ করেন। তাঁর সরে দাঁড়ানোর পর থেকেই এই আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বহুগুণ বেড়ে গেছে। দলীয় মনোনয়ন পাওয়ার আশায় কেউ কেউ জ্যেষ্ঠ নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন, আবার অনেকে অনুসারীদের নিয়ে সভা-সমাবেশ ও মিছিল করছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে ভোট ও দোয়া চেয়ে ব্যাপক প্রচার।
বিজ্ঞাপন
বর্তমানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে পাঁচজনের নাম নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। এই তালিকায় রয়েছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস। এছাড়া মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও আছেন সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মো. এরশাদ আহসান এবং তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন।
কিশোরগঞ্জ-৩ আসনটি মূলত করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত এবং এখানে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় ১ লাখ ২১ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন। ওসমান ফারুকের পদত্যাগের খবর প্রকাশের পর থেকে করিমগঞ্জ ও তাড়াইলের হাটবাজার ও চায়ের দোকানগুলোতে আসন্ন উপনির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সাইফুল ইসলাম রোববার বিকেলে নিজ এলাকায় বিশাল মিছিল ও সমাবেশ করেছেন। নিয়ামতপুর থেকে ঢাকঢোল পিটিয়ে কয়েক শ অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে মিছিলটি করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে পৌঁছায়। সমাবেশে সাইফুল ইসলাম বলেন, '২০১৪ সালে করিমগঞ্জে জনগণের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময় এক দিনের জন্যও শান্তিতে দায়িত্ব পালন করতে পারেননি। উল্টো তাঁকে মামলা ও হামলার শিকার হতে হয়েছে।'
অপর মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর আলম মোল্লা ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি বলেন, দলের দুঃসময়ে ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেবার তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবার তাঁকে মনোনয়ন দেওয়া হবে বলে তিনি প্রত্যাশা করেন। এদিকে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন জানান, তাঁর উপজেলায় এখন পর্যন্ত তিনিই একমাত্র মনোনয়নপ্রত্যাশী। তিনি বলেন, 'করিমগঞ্জ ও তাড়াইল নিয়ে আসনটি গঠিত হলেও বিএনপি বরাবর করিমগঞ্জ থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার তাড়াইল থেকে কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে দলের প্রতি আহ্বান জানান তিনি।'
বিজ্ঞাপন
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম জানান, ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন বিষয়টি তাঁরা জানতেন, কিন্তু হঠাৎ পদত্যাগ করবেন এমন আভাস কেউ পাননি। তিনি বলেন, 'হঠাৎ তিনি পদত্যাগ করায় এখন নতুন করে ভাবতে হচ্ছে দলকে। স্থানীয় নেতা-কর্মীদের প্রত্যাশা, এই আসনে একজন যোগ্য নেতাকে দল মনোনয়ন দেবে।' স্থানীয় ভোটার মো. হানিফ জানান, তাঁরা সৎ ও কর্মঠ একজন নেতা খুঁজছেন। এছাড়া গত নির্বাচনে ওসমান ফারুকের কাছে পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) চিকিৎসক জেহাদ খান জানিয়েছেন দল চাইলে তিনি নির্বাচন করবেন এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীরও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।