নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান
ভূগর্ভস্থ স্থাপনায় নতুন প্রযুক্তি প্রদর্শন করল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে দেশটির নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার চিত্র ফুটে উঠেছে। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উদ্ভাবিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাটি প্রদর্শন করা হয়। বাহিনীটির ভাষ্যমতে, এই প্রযুক্তির মাধ্যমে একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, ইরানের আগের দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় নতুন এই প্রযুক্তি অনেক বেশি উন্নত। আগের ব্যবস্থাটিতে কঠিন জ্বালানি ব্যবহৃত হতো, কিন্তু তরল জ্বালানি ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ পরিচালনাকারীদের নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানান, দেশটির সামরিক সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
মুসাভি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় “অপ্রত্যাশিত চমক” এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয় এবং এগুলো শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এছাড়া দেশটির সংবাদমাধ্যমের দাবি, নতুন প্রজন্মের এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ও লক্ষ্যভেদে নির্ভুলতা বেড়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) সহায়তা ছাড়াই এগুলো দিক নির্ণয় করতে পারে।
এদিকে, শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেছেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। সেখানে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা গেছে, যদিও ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তা জানানো হয়নি।