অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের উদ্যোক্তারা শতকোটিপতি
লেনদেনের প্রথম দিনে কোম্পানিটির উদ্যোক্তাদের সম্মিলিত সম্পদ বেড়েছে ৬ হাজার ৩৭০ কোটি ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে যাত্রা শুরুর পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের নাসডাক স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার। বৃহস্পতিবার কোম্পানিটির এই অভিষেকের ফলে এর উদ্যোক্তারা শতকোটিপতি হয়ে গেছেন এবং তাঁদের সম্মিলিত সম্পদ বেড়েছে ৬ হাজার ৩৭০ কোটি ডলার। বিবিসির তথ্যানুযায়ী, এআই চ্যাটবট ক্লডের নির্মাতা এই প্রতিষ্ঠানের শেয়ারবাজারে অভিষেক এআই শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।
বিজ্ঞাপন
শেয়ারবাজারে লেনদেন শুরুর পর অ্যানথ্রপিকের শেয়ারের দাম প্রাথমিক মূল্য ৮৩ ডলার ছাড়িয়ে যায়। তবে আগামী কয়েক মাস বিনিয়োগকারীদের কঠোর পরীক্ষার–নিরীক্ষার মুখোমুখি হতে হবে প্রতিষ্ঠানটিকে, কারণ এই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের বিপরীতে কতটা মুনাফা আসবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। লেনদেনের প্রথম কয়েক ঘণ্টায় শেয়ারের দামে ব্যাপক অস্থিরতা দেখা যায়; শুরুতে দাম বেড়ে ১১১ ডলার ৫৩ সেন্টে উঠলে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ লাখ কোটি ডলারে পৌঁছায়। দিন শেষে শেয়ারের দাম কমে ৯৭ ডলার ১৭ সেন্টে দাঁড়ায়, যা এআইয়ের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তাকেই নির্দেশ করে।
কিছু বিনিয়োগকারীর মতে, প্রথম দিনের লেনদেন সফল হয়েছে কারণ দিন শেষে শেয়ারের দাম প্রায় ১৭ শতাংশ বেড়েছে। তবে সামগ্রিক প্রযুক্তি খাতের চিত্র ছিল ভিন্ন, যেখানে প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক প্রায় ২ দশমিক ৩ শতাংশ কমেছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ারের দাম ২ দশমিক ৯ শতাংশ এবং অ্যামাজনের শেয়ারের দাম প্রায় ৩ দশমিক ৯ শতাংশ কমেছে। এআই প্রযুক্তির অবকাঠামো নির্মাণে যে বিনিয়োগ হচ্ছে, তা প্রযুক্তির ইতিহাসে অন্যতম ব্যয়বহুল উদ্যোগ হিসেবে বিবেচিত। গত এক বছরেই কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানি এ খাতে ১ লাখ কোটি ডলারের বেশি ব্যয় করেছে, যা নিয়ে আশার বুদ্বুদ তৈরির উদ্বেগ বাড়ছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সালফোর্ডের অর্থনীতিবিদ রিচার্ড হুইটল বলেন, 'সবচেয়ে বড় বিনিয়োগের দিনেই সাধারণত আর্থিক বুদ্বুদ ফেটে যায় না। ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক প্রত্যাশা যখন প্রশ্নের মুখে পড়ে, তখনই বুদ্বুদ ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।' কয়েক দশক ধরে এআই নিয়ে কাজ চললেও উন্নত কম্পিউটার ও প্রযুক্তিগত যন্ত্রাংশের কারণে এখন দ্রুত তথ্য বিশ্লেষণ সম্ভব হচ্ছে। এর ফলে এমন এআই চ্যাটবট তৈরি হয়েছে, যা মানুষের ভাষায় কথা বলা, কোড লেখা, ডিজিটাল ছবি তৈরি ও তথ্য অনুসন্ধানের কাজ দ্রুত করতে পারে। এই প্রযুক্তির ওপর ভিত্তি করেই মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা অ্যানথ্রপিক এখন এআই খাতের পরিচিত নাম হয়ে উঠেছে।
প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান কুইল্টার শেভিয়টের প্রযুক্তি গবেষণাপ্রধান বেন ব্যারিঙ্গারের মতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম বিশুদ্ধ এআই কোম্পানি হিসেবে অ্যানথ্রপিকের শেয়ারের দামে ভবিষ্যতে বড় ধরনের উত্থান–পতন দেখা যেতে পারে। তাঁর ধারণা, প্রাথমিক বিনিয়োগ-উচ্ছ্বাস একসময় কমে আসবে। তিনি ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের উদাহরণ টেনে জানান, প্রথম দিন শেয়ারের দাম ১০ শতাংশ বাড়লেও এক মাসের মধ্যে তা প্রাথমিক লেনদেনমূল্যের নিচে নেমে যায় এবং এরপর বেশিরভাগ সময় দাম কমেছে।
বিজ্ঞাপন
উদ্যোক্তাদের ক্ষেত্রে প্রথম দিনেই শেয়ারের দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক সুফল এসেছে। ফোর্বসের তথ্যানুযায়ী, প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ও তাঁর ছয় সহপ্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৩০০ কোটি ডলার, যেখানে গড়ে প্রত্যেকের সম্পদ প্রায় ২ হাজার ৩৩০ কোটি ডলার। এছাড়া অ্যানথ্রপিকের প্রাথমিক তিন বিনিয়োগকারী এরিক স্মিট, হুসেইন সাজওয়ানি ও জান তালিনের সম্পদ সম্মিলিতভাবে ১ হাজার ৪৪০ কোটি ডলার বেড়েছে।
২০২১ সালে ওপেনএআইয়ের সাত কর্মী মিলে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন এবং গত মে মাসে সর্বশেষ বেসরকারি বিনিয়োগ পর্বে প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছিল ৫৮ ডলার ৯০ সেন্ট, যখন মূল্যায়ন ছিল ৯৬ হাজার ৫০০ কোটি ডলার। বিনিয়োগকারীদের অনেকে আইপিওর সময় মূল্যায়ন ২ লাখ কোটি ডলারে পৌঁছানোর আশা করলেও গত এক মাসের প্রযুক্তি খাতের দরপতনে সেই প্রত্যাশা পূরণ হয়নি। গত সপ্তাহে কোম্পানিটি আইপিওতে শেয়ারের দাম ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে রাখার কথা জানিয়েছিল, যার সম্ভাব্য মূল্যায়ন ছিল ১ লাখ ৩০ হাজার কোটি থেকে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার। শেষ পর্যন্ত শেয়ারের দাম নির্ধারণ করা হয় ৮৩ ডলার।