ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
হামাসের আল-কাসাম ব্রিগেডের রাফা ইউনিটের কমান্ডার ছিলেন ৫৩ বছর বয়সী সামির আবু ইউনিস।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার খান ইউনিসের মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয়। আজ রোববার হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
নিহত কমান্ডারের নাম সামির আবু ইউনিস, যার বয়স ৫৩ বছর। তিনি হামাসের রাফা ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। গাজার স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, মাওয়াসি এলাকার একটি সড়কে আবু ইউনিসকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীও রোববার গাজায় হামাসের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে অভিযানের বিষয়টি স্বীকার করেছে, তবে তারা ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। হামাসের তথ্য অনুযায়ী, ১৯৯১ সালে সংগঠনটির সশস্ত্র শাখায় যোগ দেওয়া আবু ইউনিস রাফা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেছেন। আজ বিকেলে খান ইউনিসে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একই সময়ে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজারের বেশি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর থেকেই এই সংঘাতের সূচনা হয়।