জেমস বন্ডের পরবর্তী ছবির সম্ভাব্য তালিকায় জং হো-ইয়ন
যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী ভোগের ৪৫ জনের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই দক্ষিণ কোরীয় অভিনেত্রী।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া দক্ষিণ কোরীয় অভিনেত্রী জং হো-ইয়ন নতুন করে আলোচনায় এসেছেন। যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী ভোগ জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবির সম্ভাব্য নায়িকাদের নিয়ে ৪৫ জনের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে পঞ্চম স্থানে রয়েছেন জং হো-ইয়ন। নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
রোববার প্রকাশিত ওই তালিকায় ভোগের পক্ষ থেকে জং হো-ইয়োনের অভিনয়ের প্রশংসা করা হয়েছে। বিশেষ করে ‘স্কুইড গেম’ সিরিজ এবং পরিচালক না হং-জিনের ‘হোপ’ ছবিতে তাঁর অভিনয়ের কথা উল্লেখ করা হয়েছে। সাময়িকীটির মতে, নতুন জেমস বন্ড ছবির প্রেক্ষাপট এশিয়ায় বিস্তৃত হলে জং হো-ইয়ন নায়িকা হিসেবে দারুণ পছন্দ হতে পারেন। তবে এটি ভোগের নিজস্ব তালিকা, আর জং হো-ইয়নকে বন্ডকন্যার চরিত্রে নেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস।
২০২১ সালে ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কাং সে-বিয়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান জং হো-ইয়ন। এরপর তাঁকে যুক্তরাষ্ট্রের নির্মাতা আলফনসো কুয়ারনের ‘ডিসক্লেইমার’ সিরিজে দেখা গেছে। এছাড়া এ বছর না হং-জিন পরিচালিত ‘হোপ’ ছবির মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়েছে, যা কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।
ভোগের তালিকায় জং হো-ইয়ন ছাড়াও মার্গারেট কোয়ালি, জেনডায়া ও ফ্লোরেন্স পিউয়ের নাম রয়েছে। ১৯৯৭ সালে ‘টুমরো নেভার ডাইস’ ছবিতে মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো বন্ডের বিপরীতে অভিনয় করলেও এখন পর্যন্ত কোনো কোরীয় অভিনেত্রী বন্ডকন্যার চরিত্রে কাজ করেননি। জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ এবং চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট।
১৯৯৪ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করা জং হো-ইয়ন ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন। ২০১৩ সালে ‘কোরিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতার চতুর্থ আসরে দ্বিতীয় হওয়ার পর তিনি লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি ও মিউ মিউয়ের মতো ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন। ২০২১ সালে ‘স্কুইড গেম’ দিয়ে অভিনয়ে আসা জং হো-ইয়ন ২০২২ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারে টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর সম্মান পান।