টংদোকান ও বোনের ভালোবাসাই সোহেলের বেঁচে থাকার অবলম্বন
চাঁদপুরের হাইমচরে কর্মক্ষম সোহেল মাঝির একমাত্র অবলম্বন বোনের ভালোবাসা ও একটি টংদোকান
চাঁদপুর জেলা প্রতিনিধি · হাইমচর, চাঁদপুর
প্রকাশ:
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর বগুলা গ্রামের বাসিন্দা সোহেল মাঝি (৪২) ১৫ বছর আগে এক দুর্ঘটনায় কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। মেঘনা নদীতে গোসল করতে নেমে ঘটা এই দুর্ঘটনার পর চিকিৎসার পেছনে সব সম্বল হারিয়ে সোহেলের জীবন বদলে যায়। মৃত সৈয়দ আহমেদ মাঝির ছেলে সোহেল একসময় স্বাবলম্বী থাকলেও এখন তিনি পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল।
বিজ্ঞাপন
সাত বছর আগে মায়ের মৃত্যুর পর সোহেলের পাশে এসে দাঁড়ান ছোট বোন রেহানা আক্তার (৩৫)। ভাইয়ের সেবা ও দেখাশোনার জন্য তিনি নিজের স্বামীর সংসার ও ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে ভাইয়ের কাছে চলে আসেন। বর্তমানে ভাইবোন দুজনেই অসুস্থ হয়ে পড়ায় তাদের জীবনযাত্রায় নতুন সংকট দেখা দিয়েছে।
রেহানা আক্তার বলেন, ‘ভাইকে আগলে রাখতে গিয়ে নিজের শরীরের দিকেও খেয়াল রাখা সম্ভব হচ্ছে না। ভাইয়ের সেবা করতে করতে নিজেও এখন অনেক অসুস্থ। একদিকে ভাইয়ের চিকিৎসা, অন্যদিকে নিজের অসুস্থতা—সব মিলিয়ে আমাদের জীবনে নতুন সংকট নেমে এসেছে। দুজনেরই নিয়মিত চিকিৎসা প্রয়োজন, কিন্তু সামর্থ্য নেই।’
স্থানীয় বাসিন্দারা তাঁদের দুরবস্থা দেখে একটি ছোট্ট টংদোকান তৈরি করে দিয়েছেন, যা এখন তাঁদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এ বিষয়ে খলিফাকান্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমারানী দেবনাথ বলেন, ‘এই দুই ভাইবোনের জীবনসংগ্রাম ও নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই একটি বিরল দৃষ্টান্ত। তাঁদের আয়ের স্থায়ী কোনো ব্যবস্থা নেই। দুরবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা একটি টংদোকান করে দিয়েছেন, সেটিই এখন তাঁদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।’
সোহেল ও রেহানা এখন সুচিকিৎসা ও আর্থিক সহায়তা পাওয়ার আশায় দিন গুনছেন। তাঁরা কোনো করুণা নয়, বরং বেঁচে থাকার মতো একটি সুযোগ প্রত্যাশা করছেন।