টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৮ জন উদ্ধার
শনিবার রাতে লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে নারী-শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়েছে
কক্সবাজার জেলা প্রতিনিধি · টেকনাফ, কক্সবাজার
প্রকাশ:
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সাগরপথে পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকার ওই আস্তানায় ৭০-৮০ জন নারী-পুরুষকে জড়ো করা হয়েছিল। খবর পেয়ে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে নৌযান নিয়ে সাগরপথে পালানোর সময় পাচারকারীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান।
অভিযানের সময় পাচারকারীরা বেশির ভাগ মানুষকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ৫ নারী, ২ পুরুষ ও ১ শিশুকে উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা ৮ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের পরিচয় নিশ্চিত হয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।