ন্যাশনাল কস্টিউমে টাঙ্গাইলের লাল‑সাদা শাড়ি পরবেন মাহি
ন্যাশনাল কস্টিউম পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোতে আয়োজিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর ৫টায় ন্যাশনাল কস্টিউম পর্বে এশিয়া–ওশেনিয়া গ্রুপ থেকে মঞ্চে উঠবেন তিনি।
বিজ্ঞাপন
এই পর্বে মাহি টাঙ্গাইলের লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে সোনার গয়না পরে বাঙালি সংস্কৃতি ফুটিয়ে তুলবেন। এবারের আয়োজনে তিনি 'মাদারহুড—আ ইউনাভার্সাল বন্ড অব লাভ' থিমটি বেছে নিয়েছেন।
২১ নভেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে মাহি লেখেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা। আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি। গর্ব ও আবেগের সঙ্গে ৭৫তম মিস ইউনিভার্সের মঞ্চে তুলে ধরতে যাচ্ছি আমার ন্যাশনাল কস্টিউমের থিম ‘মাদারহুড—আ ইউনাভার্সাল বন্ড অব লাভ’।
তিনি আরও লিখেছেন, ‘আমার প্রিয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত এই কস্টিউম পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। মা ও সন্তানের সেই চিরন্তন বন্ধন, যেখানে মিশে আছে জন্মের বিস্ময়, সীমাহীন মমতা, নীরব ত্যাগ আর আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি। কস্টিউমের প্রতিটি নকশা, প্রতিটি প্রতীক বহন করছে মাতৃত্বের এমন এক গল্প, যা ভাষা, সংস্কৃতি আর ভৌগোলিক সীমানা পেরিয়ে পৃথিবীর প্রতিটি হৃদয়কে স্পর্শ করে।’