আমন ধানের ভালো দাম পেয়ে সচ্ছলতা ফিরছে কৃষকের সংসারে
চলতি মৌসুমে ৩২ হাজার ৫০০ কৃষকের সংসারে ফিরেছে সচ্ছলতা
চাঁদপুর জেলা প্রতিনিধি · মতলব উত্তর, চাঁদপুর
প্রকাশ:
গত দুই বছর জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে আমন ও বোরো ধানের আবাদ করে লোকসান গুনতে হয়েছিল কৃষক মনির হোসেনকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঋণ করে ৭২ শতক জমিতে আমন চাষ করেছিলেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও বেশ ভালো হয়েছে এবং তিনি লাভের মুখ দেখছেন।
বিজ্ঞাপন
মনির হোসেন জানান, ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে প্রতি মণে তাঁর প্রায় ৬০০ টাকা লাভ হচ্ছে। তিনি আশা করছেন এবার প্রায় ৭৫ মণ ধান উৎপাদন হবে। সব খরচ বাদ দিয়ে তাঁর প্রায় ৪৫ হাজার টাকা লাভ হবে বলে তিনি জানান। মনির হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের গোয়ালভাওর গ্রামে। তাঁর মতো উপজেলার ৩২ হাজারের বেশি কৃষক চলতি মৌসুমে আমনের আবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমন বিক্রির টাকায় তাঁদের সংসারে সচ্ছলতা ফিরে আসছে।
গতকাল বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, উপজেলায় গত জুলাই মাসে শুরু হওয়া চলতি খরিপ-২ মৌসুমে ৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। ৩২ হাজার ৫০০ কৃষক এই আমন চাষে যুক্ত ছিলেন। এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ২৩০ মেট্রিক টন। গত বছর আমনের আবাদ হয়েছিল ৮ হাজার ৯০০ হেক্টর জমিতে।
গতকাল সকালে উপজেলার গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, বৈদ্যনাথপুর, পূর্ব নাউরী, সিপাইকান্দি, লুধুয়া, গজরা, ঠেটালিয়া ও মোহনপুর এলাকায় দেখা যায়, জমির পর জমি আমনখেত। পাকা ও আধা পাকা আমনের সোনালি ফলন বাতাসে দোল খাচ্ছে। খেতের পাশে ও বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। পুরো এলাকা যেন এক টুকরা আমনের রাজ্যে পরিণত হয়েছে।
ফতেপুরের কৃষক মিজানুর রহমান জানান, গত কয়েক বছর আমন-বোরো চাষ করে অনেক ক্ষতি হয়েছে। এবার আমনের বাম্পার ফলন হয়েছে এবং অতিবৃষ্টি বা জলাবদ্ধতায় খেত ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি এখন ধান কাটা, মাড়াই করা ও বাজারে বিক্রির কাজে ব্যস্ত। ধান ভাঙিয়ে চাল করেও বাজারে বিক্রি করছেন। ধান ও চালের বাজারদর ভালো থাকায় পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয়ে তাঁরা লাভবান হচ্ছেন।
বিজ্ঞাপন
উপজেলার ঘনিয়ারপাড় এলাকার কৃষক মোহাম্মদ জাকির হোসেন, ছেংগারচরের মো. রাকিব হোসেন ও গজরার দেলোয়ার হোসেনসহ অন্তত ২০ জন কৃষক একই ধরনের কথা জানিয়েছেন।
এ বিষয়ে মতলব উত্তর, চাঁদপুরের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, আবহাওয়া ভালো থাকায় এবং পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এবার উপজেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। আমন বিক্রি করে কৃষকেরা লাভবান হচ্ছেন এবং সংসারে সচ্ছলতা আসছে। তাঁর কার্যালয় থেকে কৃষকদের আমন চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, যার ফলে কৃষকেরা আমন চাষে বেশি আগ্রহী হয়ে উঠছেন।