চাঁদপুরে সরকারি শিশু পরিবারের ফুটবলারদের ক্রীড়াসামগ্রী দিল ওয়েফ
২৫ জন ফুটবল খেলোয়াড়কে জার্সি, প্যান্ট ও বুট উপহার দেওয়া হয়েছে
চাঁদপুর জেলা প্রতিনিধি · চাঁদপুর
প্রকাশ:
সম্প্রতি চাঁদপুরের সরকারি শিশু পরিবারের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জন ফুটবল খেলোয়াড়ের হাতে জার্সি, প্যান্ট ও বুট তুলে দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ওয়েফ)-এর উদ্যোগে এই ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়।
বিজ্ঞাপন
সামাজিক সংগঠন ইয়ুথ ফোরাম বাংলাদেশের উপদেষ্টা ও ক্রীড়াবিদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শিশু পরিবারের আজ যারা খেলছে, একদিন তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হবে।’ অনুষ্ঠানে তিনি সরকারি শিশু পরিবারের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়েফ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম কিরণ, যিনি সরকারের পাশাপাশি সংগঠনটির শিশু পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলেয়া আক্তার লাকী।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়েফ-এর ভাইস প্রেসিডেন্ট তারেক হোসেন মজুমদার, ইসি সদস্য মরিয়মের নেছা রেখা, উপদেষ্টা কামরুল হোসেন, ট্রেজারার ফিরোজ হোসাইন, ক্রীড়াবিদ সাফিয়া কবীর শেলী, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, রোটারিয়ান আবু সাঈদ হোসেন কাউসার, অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন এবং আবৃত্তিকার আমির হোসেন বাপ্পি।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। শেষে খেলোয়াড়দের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।