ভালো ঘুমের জন্য রাতে ঘরের আলো কমানোর পরামর্শ
ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে থেকে ঘরের উজ্জ্বল আলো কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের।
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ভালো ঘুমের জন্য রাতে ঘরের পরিবেশ কেমন হওয়া উচিত, তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত উজ্জ্বল আলো ও রাতে মোবাইল ব্যবহারের অভ্যাস ঘুমের গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বিজ্ঞাপন
মার্কিন ক্লিনিকাল হেলথ সাইকোলজিস্ট ও ঘুম উপদেষ্টা ড. ড্যানিয়েলা মার্কেটি জানান, সবার জন্য ঘুমানোর কোনো নির্দিষ্ট বা জাদুকরী সময় নেই। তার মতে, “অধিকাংশই সকালে ওঠার সময় থেকে ৮ ঘণ্টা পেছনে হিসাব করে বিছানায় যান, যা প্রায়ই কাজ করে না।” তিনি আরও বলেন, “ক্লান্তি ও ঘুমের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ক্লান্তি মানে শরীরের বিশ্রাম প্রয়োজন, আর প্রকৃত ঘুম হল- চোখের পাতা ভারী হয়ে আসা, মাথা ঝিমঝিম করা বা বইয়ের লাইনে মনোযোগ ধরে রাখতে না পারা। ঠিক যখন এই প্রকৃত তন্দ্রাভাব আসে, সেটিই ঘরের আলো নিভিয়ে ঘুমাতে যাওয়ার আদর্শ সময়।”
গভীর ঘুমের জন্য শরীরকে প্রস্তুত করতে ঘুমানোর অন্তত ৩ ঘণ্টা আগে থেকে আলো কমানোর পরামর্শ দিয়েছেন ড. ড্যানিয়েলা মার্কেটি। তিনি বলেন, “অন্ধকার নামলেই মস্তিস্কে ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ নিঃসৃত হতে শুরু করে। এজন্য ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে থেকে ঘরকে রাতের পরিবেশে নিয়ে আসা উচিত।” এই সময়ের মধ্যে ঘরের উজ্জ্বল আলো কমিয়ে মৃদু আলো ব্যবহার করা, রাতের খাবার শেষ করে রান্নাঘর বন্ধ রাখা, ভারী ব্যায়াম এড়িয়ে চলা এবং মোবাইল বা টিভির স্ক্রিন দেখা কমিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি।
সঠিক সময়ে ঘুমানোর গুরুত্ব সম্পর্কে ড. মার্কেটি বলেন, “জোর করে কখনও ঘুম আনা যায় না। ঘুম আসার আগেই বিছানায় গেলে বা ঘুমের সময় পার হয়ে গেলে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া ও খণ্ডিত ঘুমের সমস্যা দেখা দেয়।” নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা এবং খাবার, ব্যায়াম ও আলোর সংস্পর্শের রুটিন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন এই বিশেষজ্ঞ।