নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা
ঘটনার ছয় দিন পর কালিয়া থানায় মামলাটি দায়ের করেছেন নিহত সোহেল রানার ভাই জুয়েল মোল্যা
নড়াইল জেলা প্রতিনিধি · কালিয়া, নড়াইল
প্রকাশ:
নড়াইলের কালিয়ায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর ইসলাম হত্যাকাণ্ডের ছয় দিন পর মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি করেন। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মুঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ অনুযায়ী, ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রাটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হকের গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে পৌঁছালে হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত সোহেল রানা ও শাহিনুর ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার পর অভিযুক্ত পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।