নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি
আসামিদের করা আপিল ও লিভ টু আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেছে আপিল বিভাগ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি · নারায়ণগঞ্জ
প্রকাশ:
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও লিভ টু আপিলের শুনানি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ শেষে এই সময় নির্ধারণ করেন।
বিজ্ঞাপন
শুনানির বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, ‘সাত খুনের মামলায় র্যাবের যাঁরা সদস্য ছিলেন, এই আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছি, তাঁরা অপরাধ করেছেন।’ তিনি আরও বলেন, ‘আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন। সেদিন আসামি নূর হোসেন ও তাঁর সহযোগীদের জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হবে। এই আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অন্যান্য যাঁরা সাক্ষী (যেমন অপহরণের চাক্ষুষ তিন সাক্ষী) আছেন, তাঁদের বর্ণনার সঙ্গে ঘটনার যে মিল ও কীভাবে কী হয়েছে, তা উপস্থাপন করা হবে।’
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সাত খুনের মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলার রায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। ওই রায়ে র্যাবের সাবেক ১৬ কর্মকর্তা-সদস্য এবং নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তাঁর ৯ সহযোগীসহ মোট ২৬ জনের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এছাড়া র্যাবের আরও ৯ জন সাবেক কর্মীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন আদালত।
বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় দেন। ওই রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয় এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ৯ জনের সাজা বহাল রাখা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম মাসুদ রানা এবং সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ দণ্ডিত আসামিরা পৃথক আপিল ও লিভ টু আপিল করেন। বুধবার থেকে এই আপিল ও লিভ টু আপিলের শুনানি শুরু হয়, যা বৃহস্পতিবার অব্যাহত ছিল।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল্লাহ আল মামুন। অন্যদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মো. মজিবুর রহমানসহ অন্যান্যরা।