ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, আহত এএসআই
তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান কনস্টেবল আনোয়ার হোসেন, রক্ষা পান এএসআই আবদুস সাত্তার
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি · নারায়ণগঞ্জ
প্রকাশ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল খুন হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে গেছেন।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে আনোয়ার ও সাত্তারকে একদল দুর্বৃত্ত ধাওয়া করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই কনস্টেবল আনোয়ার মারা যান। এ সময় এএসআই আবদুস সাত্তার দৌড়ে রক্ষা পান।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে জানান, তথ্য সংগ্রহের সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, 'তথ্য সংগ্রহের সময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ধাওয়া করে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা যান। সঙ্গে থাকা এএসআই সাত্তার দৌড়ে প্রাণে বেঁচেছেন।'
তারেক আল মেহেদী জানান, কনস্টেবল আনোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট থাকায় মাদক ব্যবসায়ীদের কোনো চক্র এই হামলার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।