গঙ্গা চুক্তি নিয়ে দুই চিঠিরও জবাব দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রী
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দফায় চিঠি দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে সমাধানে পৌঁছানোর লক্ষ্যে ভারতকে দুই দফায় চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো চিঠির জবাব পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
মন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবেও চিঠি পাঠিয়েছেন, তবে কোনো উত্তর পাননি। শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির সময় শেষ হবে। ইতিমধ্যে আমাদের বিশেষ কমিটির থেকে টিআরসি আমরা দুইটা চিঠি পাঠিয়েছি পার্শ্ববর্তী দেশকে। একটা চিঠির উত্তর দেন নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছি। এখন পর্যন্ত সে উত্তর পাই নাই। আমরা জানি ষড়যন্ত্র কোথায়। আমরা জানি তাদের অবস্থান কী।’
তবে পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, পানি ধরে রাখার জন্য ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন, পদ্মা ব্যারেজ নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গেও আলোচনা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনার—ওনার সঙ্গে কথা বলেছি, আমন্ত্রণ জানিয়েছি। উনি এসেছেন, আশ্বস্ত করেছেন। কিন্তু নমুনা এখনো পাচ্ছি না।’
প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা রেখে পানিসম্পদমন্ত্রী বলেন, সীমান্তে অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিষয়ে ভারতের সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশ এমন কোনো সম্পর্ক চায় না, যেখানে খুনি, অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামিদের গুরুত্ব দেওয়া হবে। শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘যারা বাংলাদেশে গুম, খুন, ছাত্র ও শিশু হত্যার সঙ্গে জড়িত ছিল, রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন করেছে এবং মানুষের অর্থ লুটপাট করেছে, তাদের সঙ্গে নয়; বাংলাদেশের সব মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে তোলা উচিত।’