১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি
বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ আয়োজন করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বিজয়ের মাসের প্রথম দিন আগামী ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের মাধ্যমে দলটির মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে রিজভী জানান, ১ ডিসেম্বরের সমাবেশের প্রস্তুতির লক্ষ্যে দল ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে স্থাপনায় হামলা ও নাশকতা চালানো হচ্ছে। নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতিরিক্ত বলপ্রয়োগ না করে বাহিনীগুলো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো হুমকি মেনে নেওয়া হবে না।
এর আগে সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের নতুন মজুরি বেশি। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তায় তিনি ফিরতে পারবেন না।
বিজ্ঞাপন
বিকেলে জাসাস, তাঁতী দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের যৌথ সমাবেশ ও প্রতিবাদ মিছিলেও অংশ নেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ব্যাংক লুটপাট ও অর্থ পাচার করেছে। তিনি আরও বলেন, লুটপাট ও দমন-পীড়নের রাজনীতি নিয়ে স্বৈরাচার দলটি ফিরে আসতে চায়, যা জনগণ মেনে নেবে না।