পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্সি
গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে ৫ বছরের দাম্পত্যজীবনের ইতি টানলেন এই শিল্পী
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদী তাঁদের ৫ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার রাত পৌনে ১০টায় ন্যান্সি নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দম্পতির ঘনিষ্ঠজনেরাও এই বিচ্ছেদের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ফেসবুকে ন্যান্সি লিখেছেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও যোগ করেন, ‘এ সময়ে সবার কাছে আমাদের সিদ্ধান্তটি বোঝার, সম্মান করার এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে। শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই।’ সবশেষে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
২০২১ সালের আগস্ট মাসের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি, যার খবর ২ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে। গানের সূত্রে মহসিনের সঙ্গে ন্যান্সির পরিচয় হয়, যিনি তখন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপমের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি, যার সাথে ২০১২ সালে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেছিলেন তিনি, সেই সংসারেও বিচ্ছেদ হয়।