মিস ইউনিভার্স ২০২৬: সেরা ৩০-এ জায়গা পেলেন না সামিরা খান মাহি
দর্শক ভোটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সেমিফাইনালের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের এই প্রতিযোগীর।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০ জনের তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হওয়া এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিশ্বের ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। তাঁদের মধ্য থেকেই সেমিফাইনালের জন্য সেরা ৩০ জনকে বাছাই করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ মুহূর্তে সেই অবস্থান ধরে রাখতে না পারায় ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে স্থান করে নিয়েছেন।
সেরা ৩০-এ জায়গা পাওয়া দেশ ও অঞ্চলগুলো হলো নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং নিকারাগুয়া।
সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মিস ইউনিভার্স ২০২৬-এ সামিরা খান মাহির যাত্রা এখানেই শেষ হয়েছে। নির্বাচিত এই প্রতিযোগীরা এখন সুইমস্যুট পর্বে অংশ নেবেন এবং সেখান থেকে সেরা ১২ জনকে বাছাই করা হবে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এবারের মিস ইউনিভার্স নির্ধারিত হবে।