আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: ধর্মমন্ত্রী
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী চালু করেছে সরকার
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ধর্মমন্ত্রী জানিয়েছেন, আলেমদের পরামর্শ ও দোয়ার মাধ্যমে সরকার দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়। তিনি বলেন, আলেম সমাজই মানুষের হেদায়েতের আলো এবং সমাজসংস্কারের অন্যতম কারিগর। জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তিনি আলেম-উলামাদের সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা চালু হয়েছে। গত ১৪ মার্চ ২০২৬ তারিখে সরকার দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মাথায় প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এই সম্মানীর আওতায় আনা হচ্ছে। এর মধ্যে একজন ইমাম মাসে ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেকে ১ হাজার টাকা করে উৎসব সম্মানী পাবেন। এ খাতে চলতি অর্থবছরে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা।
হজ ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষ ও প্রবাসীদের জন্য সাশ্রয়ী হজ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। ২০২৩ সালে হজের বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার টাকা থাকলেও বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। বিএনপি সরকারের আমলে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও এ সময় স্মরণ করেন তিনি।
নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, সম্প্রতি তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি যেন সুস্থ থেকে আলেম-উলামা ও দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত চালিয়ে যেতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এছাড়া জামিয়া ফরিদাবাদের ৭০ বছর পূর্তি মহাসম্মেলনের সাফল্য কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।