বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে ডিএইচএল সাপ্লাই চেইনে নিয়োগ পেয়েছেন এসব কর্মী
প্রবাস ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের এসব কর্মীকে বিদায়শুভেচ্ছা জানানোর কথা রয়েছে। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, "এই কর্মসূচিতে শূন্য খরচ মানে শূন্য খরচ। কর্মীকে বোয়েসেল, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো টাকা দিতে হচ্ছে না।" তিনি আরও জানান, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে এসব কর্মী মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত বা প্রায় ৫২ হাজার টাকা বেতনে কাজ করবেন। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধার দায়িত্ব বহন করবে নিয়োগকর্তা প্রতিষ্ঠান।
কর্মী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইনে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরবর্তীতে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, বিমা ও যাতায়াতসহ বাংলাদেশ অংশের খরচ বাবদ কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ও উড়োজাহাজ টিকিটের পুরো অর্থ বহন করছে নিয়োগকর্তা। এতে জনপ্রতি প্রায় ২ লাখ টাকা হিসেবে মোট ২ কোটি ২৪ লাখ টাকা সাশ্রয় হচ্ছে কর্মীদের।
বোয়েসেলের তথ্যমতে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল ১১২ জন, টপ গ্লোভ ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রি ৩২ জন ও ইউনাইটেড প্ল্যান্টেশন ৫২৫ জন কর্মী নেবে। এ প্রক্রিয়ায় মালয়েশিয়া যেতে কাউকে কোনো টাকা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেছে বোয়েসেল।