দক্ষিণ আফ্রিকায় পাঁচটি বাওবাবগাছ পাচারের চেষ্টা ব্যর্থ
যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতিকালে উদ্ধার হওয়া ২০০ থেকে ৩০০ বছর বয়সী গাছগুলো পুনরায় রোপণ করা হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ পাঁচটি বিশাল বাওবাবগাছ বিদেশে রপ্তানির একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। কয়েক শ বছরের পুরোনো এই গাছগুলো মাটি থেকে তুলে ফেলার পর রপ্তানির প্রয়োজনীয় অনুমতি না থাকায় কর্তৃপক্ষ এ উদ্যোগ আটকে দেয়। এরপর পরিবেশকর্মীরা গাছগুলোকে পুনরায় মাটিতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছেন।
বিজ্ঞাপন
গত বুধবার ২০ টন ওজনের গাছগুলো দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের টিম্বাভাতি এলাকার একটি সংরক্ষিত বনাঞ্চলে পৌঁছায়। সেখানে গাছগুলোকে পুনরায় মাটিতে রোপণ করা হবে এবং নতুন জায়গায় স্থির রাখার জন্য তারের সাহায্যে বেঁধে রাখা হবে।
গত জুলাই মাস থেকে গাছগুলো ডারবানের একটি গুদামে আটকা পড়ে ছিল। সেখান থেকে হাজারো মাইল দূরে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল। দক্ষিণ আফ্রিকার বন, মৎস্য ও পরিবেশ বিভাগ জানিয়েছে, গাছগুলো জর্জিয়ায় পাঠানোর কথা থাকলেও ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।
এই ঘটনা চার বছর আগের কেনিয়ার একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে আটটি বাওবাবগাছ তুলে জর্জিয়ার শেকভেতিলি ডেনড্রোলজিক্যাল পার্কে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই পার্কটি জর্জিয়ার প্রভাবশালী ধনকুবের ও সাবেক প্রধানমন্ত্রী বিডজিনা ইভানিশভিলির মালিকানাধীন। তিনি জর্জিয়া থেকে নৌপথে কৃষ্ণসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের প্রাচীন ও বিশাল গাছ এনে পার্কটি সাজিয়েছেন।
কেনিয়ার বাওবাব রপ্তানির উদ্যোগে পরিবেশবাদীরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং একে জীবসম্পদের অবৈধ দখল বা ‘বায়োপাইরেসি’ বলে আখ্যা দেন। শুরুতে রপ্তানি আটকে গেলেও পরবর্তীতে গাছগুলো পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
বন্য প্রাণী ও উদ্ভিদের বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা ট্রাফিকের পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের পরিচালক ডেভিড নিউটন বলেন, “বাওবাবকে শোভাবর্ধক গাছ হিসেবে ব্যবহার করার ঘটনা খুবই বিরল। কারণ, মাটি থেকে এত বড় গাছ তুলে পরিবহন করা এবং পরে নতুন জায়গায় বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন।”
দক্ষিণ আফ্রিকার গাছগুলো ফিরিয়ে আনার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন বাওবাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সারাহ ভেন্টার। তাঁর মতে, “দ্রুত গাছগুলো মাটিতে লাগানো গেলে বেঁচে থাকার ভালো সম্ভাবনা রয়েছে।” মে থেকে অক্টোবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় শীতকাল এবং এ সময় বাওবাবের পাতা ঝরে গাছগুলো সুপ্ত অবস্থায় থাকে, তাই গাছ স্থানান্তরের জন্য এটি উপযুক্ত সময়।
নভেম্বরে বসন্ত শুরু হলে গাছগুলো নতুন পাতা গজাতে পানি ব্যবহার করে, তাই তখন মাটিতে লাগানো জরুরি হয়ে পড়ে। গাছগুলো সরানোর কাজেও নানা বাধা রয়েছে, কারণ এত বড় গাছ পরিবহনের জন্য বিশেষ ট্রাক প্রয়োজন যা অস্বাভাবিক আকারের ভারী মাল বহন করতে সক্ষম।
পাঁচটি বাওবাবের ওজন ১৯ থেকে ২৯ টন এবং প্রতিটি গাছের ব্যাস সর্বোচ্চ ৪ দশমিক ৫ মিটার ও উচ্চতা ১২ দশমিক ৫ মিটার পর্যন্ত। বাওবাবকে ‘জীবনের গাছ’ বলা হয় এবং দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী গাছগুলো সংরক্ষিত হওয়ায় এ ধরনের গাছ কাটতে বা ক্ষতিগ্রস্ত করতে বিশেষ অনুমতির প্রয়োজন হয়।
বিজ্ঞাপন
কেনিয়ার উদ্যান পরিকল্পনাবিদ, শিক্ষক ও উদ্ভিদবিদ ওয়ামবুই ইপ্পোলিতো বলেন, “বাওবাব একটি বাস্তুতন্ত্রের অংশ হওয়ার পাশাপাশি নিজেই একটি বাস্তুতন্ত্র। এসব গাছ জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল।” বাওবাবের গর্তে বাদুড়, বুশবেবি, ধূসর মাথার টিয়া ও দক্ষিণাঞ্চলের গ্রাউন্ড হর্নবিলের মতো পাখি আশ্রয় নেয় এবং এর ফল হাতি, বানর ও বুনো শূকর খেয়ে থাকে।
আফ্রিকার মানুষের কাছে বাওবাবের বিশেষ সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। ইপ্পোলিতোর ভাষায়, “সেনেগাল, মালি কিংবা ঘানার মতো আফ্রিকার বিভিন্ন দেশে কোনো বাওবাবের আশপাশে জনবসতি থাকলে গাছটিকে পবিত্র বলে মনে করা হয়। বহু প্রজন্মের মানুষ এসব গাছের ছায়ায় বসেছেন। তাই গাছগুলো স্থানীয় মানুষের ইতিহাসেরও অংশ।”
বাওবাবের শিকড় মাটির খুব গভীরে যায় না বলে নতুন জায়গায় লাগানোর পর গাছগুলোকে তার দিয়ে স্থির করা হবে। হাতির ক্ষতি থেকে রক্ষা করতে চারপাশে বৈদ্যুতিক বেড়াও দেওয়া হবে। গাছগুলোর বয়স ২০০ থেকে ৩০০ বছর হলেও সারাহ ভেন্টারের মতে, বাওবাব সহজেই এক হাজার বছর বাঁচতে পারে এবং এই গাছগুলো বেঁচে থাকলে সামনে আরও কয়েক শ বছর টিকে থাকার সুযোগ রয়েছে।
এই ঘটনায় গাছগুলো অবৈধভাবে সংগ্রহ ও পরিবহনের অভিযোগে সংশ্লিষ্ট ল্যান্ডস্কেপিং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে।