নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার
টাইপরাইটারটির দাম ৮ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বেস্টসেলার লেখক জিলি কুপারের লেখালেখির দীর্ঘ সময়ের সঙ্গী ছিল ‘মনিকা ২’ নামের একটি টাইপরাইটার। তাঁর জনপ্রিয় ও আলোচিত রাটশায়ার সিরিজের উপন্যাসগুলো এই টাইপরাইটারেই লেখা হয়েছিল। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বরের নিলামে টাইপরাইটারটি তোলা হবে। এর দাম ৫ হাজার থেকে ৮ হাজার পাউন্ড বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৮ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
১৯৬৪ সালে তৈরি এই টাইপরাইটারটি উদ্ধারের ঘটনা ঘটে ২০২৫ সালের অক্টোবরে। ৮৮ বছর বয়সে লেখকের মৃত্যুর পর তাঁর গ্লুচেস্টারশায়ারের বিসলি এলাকার বাড়ি ‘দ্য চ্যান্ট্রি’-এর অফিস থেকে এটি পাওয়া যায়। নিলামকারী প্রতিষ্ঠানটি এই আয়োজনটির নাম দিয়েছে ‘লাভ অ্যান্ড লাস্ট: আ লিটারারি গাইড’, যেখানে প্রায় ৩০টি বই, পাণ্ডুলিপি ও চিঠিসহ বিভিন্ন সাংস্কৃতিক নিদর্শন স্থান পেয়েছে।
কুপারের লেখালেখির পদ্ধতিতে টাইপরাইটার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানডে টাইমস ও ডেইলি মেইল-এর সাংবাদিকতা থেকে শুরু করে জনপ্রিয় উপন্যাস, সবই তিনি টাইপরাইটারে লিখতেন। প্রথম খসড়ার ওপর নতুন অংশ টাইপ করে স্ট্যাপল দিয়ে জুড়ে দিতেন। এভাবে ধাপে ধাপে তৈরি হতো পাণ্ডুলিপি। পরে সহকারীরা সেগুলো আবার টাইপ করে দিতেন।
কুপার সাক্ষাৎকারে প্রায়ই তাঁর টাইপরাইটারকে ‘মনিকা’ বলে উল্লেখ করতেন। তবে বাস্তবে এটি ছিল তাঁর ব্যবহার করা একাধিক বিশ্বস্ত টাইপরাইটারের সম্মিলিত নাম। ১৯৮২ সালে কনজারভেটিভ পার্টির সম্মেলন থেকে তিনি আরেকটি টাইপরাইটার কিনেছিলেন। একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ ‘রাইভালস’-এর দ্বিতীয় মৌসুম।
২০২৫ সালে অনুষ্ঠিত এক তদন্তে জানা যায়, বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়াই ছিল কুপারের মৃত্যুর কারণ। ওই বছরের ৪ অক্টোবর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে মৃত অবস্থায় খুঁজে পান। ক্রিস্টিজের বিক্রয় বিভাগের প্রধান থাইস হিচিনস বলেন, ‘প্রয়াত ডেম জিলি কুপারের মতো টাইপরাইটারের সঙ্গে এত নিবিড়ভাবে জড়িয়ে থাকা আধুনিক লেখক খুব কমই আছেন।’