অজু ছাড়া কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান
কোরআন শরিফ হাতে নিয়ে বা পৃষ্ঠা উল্টিয়ে তিলাওয়াত করতে অজু থাকা জরুরি
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
মুমিনদের অন্যতম প্রিয় ইবাদত হলো পবিত্র কোরআন তিলাওয়াত। দৈনন্দিন ব্যস্ততায় অনেকে দিনের বিভিন্ন সময়ে কোরআন পড়তে চান, তবে সব সময় অজু থাকা সম্ভব হয় না। এ পরিস্থিতিতে অজু ছাড়া কোরআন তিলাওয়াত করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। ইসলামের বিধান অনুযায়ী, শরীর ও কাপড় পবিত্র থাকলে এবং গোসল ফরজ হওয়ার মতো কোনো অপবিত্রতা না থাকলে অজু ছাড়াও মুখস্থ কোরআন তিলাওয়াত করা সম্ভব। এ ক্ষেত্রে বসে, দাঁড়িয়ে, শুয়ে কিংবা চলাফেরার সময় মুখস্থ আয়াত পড়ার সুযোগ রয়েছে, তবে অজু অবস্থায় তিলাওয়াত করা অধিক আদবের কাজ।
বিজ্ঞাপন
কোরআন শরিফ সরাসরি হাতে নিয়ে বা পৃষ্ঠা উল্টিয়ে তিলাওয়াত করতে চাইলে অজু থাকা আবশ্যক। অধিকাংশ ইসলামি ফকিহের মতে, অজু ছাড়া কোরআন স্পর্শ করা জায়েজ নয়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর একটি নির্দেশনা রয়েছে, ‘পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না।’ (মুয়াত্তা মালিক: ৪৬৮)। তবে মোবাইল বা ডিজিটাল ডিভাইসে কোরআন পড়ার ক্ষেত্রে অজু না থাকলেও কোনো বাধা নেই।
গোসল ফরজ হওয়ার বিষয়টি অজু না থাকার চেয়ে ভিন্ন। অধিকাংশ আলেমের মতে, গোসল ফরজ হলে তা সম্পন্ন না করা পর্যন্ত মুখস্থ কোরআন তিলাওয়াত থেকেও বিরত থাকতে হবে। তাই এ অবস্থায় পবিত্রতা অর্জনের জন্য আগে ফরজ গোসল করে নেওয়া জরুরি।