শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে পুলিশে দিলেন ছাত্রদল
বুধবার দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে বুধবার দিবাগত রাত একটার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করা হয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বিজ্ঞাপন
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাখাওয়াতকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে যাচাই-বাছাই চলছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতা-কর্মীরা শাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন। জবাবে শাখাওয়াত জানান, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন।
ভিডিওতে আরও দেখা যায়, সরকারি আমলা হয়ে নাশকতা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে শাখাওয়াত আর নাশকতা করবেন না বলে জানান। এ সময় ছাত্রদল নেতা-কর্মীদের নির্দেশে তাঁকে কান ধরতেও দেখা গেছে। পরে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে যায়।