বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন
বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ১১ দফা সুপারিশ তুলে ধরেছেন
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বৈশ্বিক ইসলামি অর্থায়নের ক্রমবর্ধমান বাজারকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এই খাতের আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তারা এই অভিমত ব্যক্ত করেন। ‘বিভক্ত বিশ্বে ইসলামিক ফাইন্যান্স: বাংলাদেশের জন্য পাঁচ বাজারের শিক্ষা’ শীর্ষক এই আলোচনায় পাকিস্তান, মালয়েশিয়া, উজবেকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকার দেশগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
পাকিস্তানের মিজান ব্যাংকের শরিয়াহ কমপ্লায়েন্স বিভাগের প্রধান শায়ান আহমেদ বেগ জানান, প্রচলিত আর্থিক ব্যবস্থাকে ইসলামি ধারায় রূপান্তর করা নতুন ব্যাংক প্রতিষ্ঠার চেয়ে জটিল। তিনি জানান, পাকিস্তান ২০২৮ সালের মধ্যে পুরো ব্যবস্থাকে ইসলামি রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে ৫০টির বেশি কমিটি গঠন করেছে। উজবেকিস্তানের মেজোন কেনগাশির প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাফফর খুশনিদিনভ ইসলামি ব্যাংকিং আইন প্রণয়ন এবং পুঁজিবাজার, তাকাফুল ও ওয়াক্ফের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
মালয়েশিয়ার আমমেটলাইফ তাকাফুলের শরিয়াহ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিহিন দেরিস শরিয়াহ সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় পরামর্শক সংস্থা ও প্রাতিষ্ঠানিক কমিটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ জাকারিয়া নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকায় অবকাঠামো উন্নয়নে সুকুকের ব্যবহারের কথা জানান। মালদ্বীপের আমানা তাকাফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা হারিজ সুলাইমান স্থানীয় সঞ্চয় কাজে লাগানোর ওপর জোর দেন।
আলোচনায় বাংলাদেশের জন্য ১১ দফা সুপারিশ পেশ করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, দ্রুত নীতিমালা প্রণয়ন, শরিয়াহ সুশাসন শক্তিশালী করা, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং জাকাত, ওয়াক্ফ ও সাদাকাকে প্রাতিষ্ঠানিক অর্থায়নের সঙ্গে যুক্ত করা অন্যতম। বিশেষজ্ঞদের মতে, পূর্ণাঙ্গ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ এই খাতে আঞ্চলিক নেতৃত্বের সুযোগ পাবে।