রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০০ বার পেছাল
আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। বুধবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে পারেনি। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০০ বারের মতো পেছানো হলো।
বিজ্ঞাপন
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় এই অর্থ চুরি করা হয়েছিল।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা রাজধানীর মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন এবং সংস্থাটি তখন থেকেই তদন্ত চালিয়ে যাচ্ছে।