ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যায় ছয়জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি · নারায়ণগঞ্জ
প্রকাশ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফতুল্লার হাশেমবাগ এলাকার ডেভিড হোসেন ওরফে রিয়াজ, তাঁর ভাই আবদুল্লাহ, সহযোগী সামাদসহ চারজন। এছাড়া আদর ও আজাদ নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আবদুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং অন্যদের ফতুল্লার আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ গুলি চালালে তাঁর ডান পা গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার জানান, তাঁকে জরুরি বিভাগে আনা হয়েছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন পুলিশ সদস্যরা। এ সময় মাদক কারবারি ও দুষ্কৃতকারীরা কনস্টেবল আনোয়ার মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত কনস্টেবল আনোয়ার ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন এবং তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্দ গ্রামে।