নারী নির্যাতন প্রতিরোধে সরকার ও সংসদের কাছে ছয় দাবি
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সরকার ও জাতীয় সংসদের কাছে ছয়টি দাবি জানিয়েছে বিভিন্ন নারী সংগঠনের প্ল্যাটফর্ম ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি’। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে নারীপক্ষের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদের সামনে কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও পুলিশের বাধার মুখে তা স্থান পরিবর্তন করা হয়।
বিজ্ঞাপন
কর্মসূচি চলাকালে নারীপক্ষের সভানেত্রী কে এ জাহান রুমি বলেন, ‘সরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কমিটি মানিক মিয়া অ্যাভিনিউর পরিবর্তে ধানমন্ডির সাতমসজিদ রোডে এই কর্মসূচি করতে বাধ্য হয়েছে। আমরা জানি না আমরা কতটা ভয়ংকর, সরকার আমাদের কেন এত ভয় পেয়েছে? আমরা খুবই শান্তিপূর্ণভাবে নারীর ওপর সহিংসতার প্রতিবাদ জানাচ্ছি, কোনো সরকারের বিরুদ্ধে কথা বলছি না। তবে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এ ছাড়া একই সময়ে একইভাবে দেশের ৬৪ জেলায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে।’
দুর্বার নেটওয়ার্কের নেত্রী মাহমুদা বেগম কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন। সংসদের কাছে উত্থাপিত তিন দাবির মধ্যে রয়েছে নারীর ওপর যৌন নির্যাতন ও ধর্ষণসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়ন ও সংস্কার, শারীরিক-মানসিক ক্ষতিপূরণের বিধান রাখা এবং অনলাইন যৌন হয়রানি ও সাইবার বুলিং রোধে আইনি পদক্ষেপ গ্রহণ।
সরকারের কাছে জানানো তিন দাবির মধ্যে রয়েছে নারীর ওপর সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা এবং অপরাধী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। এ ছাড়াও ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীকে গ্রেপ্তার ও ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচি পালনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ আক্কাছ আলী এ বিষয়ে উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও মো. ইবনে মিজানের কোনো সাড়া পাওয়া যায়নি।